স্থানীয় সংসদ সদস্য মো. কামরুজ্জামান সদর উপজেলার বাংলাবাজারে পদ্মা নদীর শাখায় ভাঙন প্রতিরোধে জরুরি উদ্যোগ গ্রহণের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল বুধবার (৩ জুন) বিকেলে ভাঙন এলাকা পরিদর্শন করে এ নির্দেশনা দেন ।
মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়নের সম্ভুহালদারকান্দি এলাকায় পদ্মা নদীর শাখায় ভাঙন এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি বলেন, বর্তমান সরকার নদী ভাঙন প্রতিরোধ ও বসতভিটা রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেছে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আখলাক উল জামিল এবং সদর উপজেলার সহকারী কমিশনার ( ভূমি ) মারজানা আক্তার ।
মুন্সীগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আখলাক উল জামিল বাসসকে বলেন, বাংলাবাজার ইউনিয়নের সম্ভুহালদারকান্দি এলাকা ভাঙন প্রবণ এলাকা। ভাঙন রোধে জরুরি ব্যবস্থা হিসেবে আগামী সপ্তাহে জিও ব্যাগ ফেলানো হবে।