1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলি প্রক্রিয়ায় বড় সংস্কার: ববি হাজ্জাজ ডেপুটি স্পিকারের উদ্যোগে নতুন ঘর পেলেন দুই হাত হারানো নূরুল আমিন নারায়ণগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু জিয়াউর রহমানের কর্ম ও আদর্শ নিয়ে উঁচুমানের গবেষণার আহ্বান মির্জা ফখরুলের গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেছেন শহীদ জিয়াই: তথ্যমন্ত্রী মাদারীপুর জেলা হাসপাতালে হাম রোগীদের চিকিৎসায় আইসিইউ সেবা চালু ঢাকার খালগুলোর সীমানা চিহ্নিত করতে পৃথক দুটি কমিটি গঠন স্থানীয় সরকার বিভাগের সাতক্ষীরায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু  ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে শান্তিচুক্তির বিরুদ্ধে বিক্ষোভ: গণমাধ্যম অস্ট্রেলিয়া-স্কটল্যান্ডের জয়; ড্র করল সুইজারল্যান্ড-কাতার

জ্বালানি তেলের তিন মাসের মজুদ গড়ার সুপারিশ, সংসদে বিশেষ কমিটির প্রতিবেদন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ৭ জুন, ২০২৬

জ্বালানি তেলের কৌশলগত মজুদ সম্প্রসারণ করে কমপক্ষে তিন মাসের সক্ষমতা বৃদ্ধি, আমদানির উৎস বহুমুখীকরণ এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থায় পূর্ণাঙ্গ অটোমেশন ও ডিজিটাল মনিটরিং চালুর সুপারিশ করেছে জ্বালানি সংকট মোকাবিলায় গঠিত জাতীয় সংসদের বিশেষ কমিটি।

আজ ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও বাজেট অধিবেশনের প্রথম দিনে কমিটির প্রতিবেদন সংসদে উপস্থাপন করেন কমিটির সভাপতি ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রমের সভাপতিত্বে বিকেল ৩টায় অধিবেশন শুরু হয়।

গত ২৬ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে জ্বালানি সংকট মোকাবিলায় করণীয় নির্ধারণের লক্ষ্যে ১০ সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয়। মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের নেতৃত্বে গঠিত কমিটির মেয়াদ ছিল ৩০ দিন। সাম্প্রতিক জ্বালানি পরিস্থিতি পর্যালোচনা করে সংসদে সুপারিশমালা উপস্থাপন ছিল কমিটির কার্যপরিধি।

কমিটি গত ৩ মে ও ১৯ মে দুই দফা বৈঠক করে। বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান মো. রেজানুর রহমান, পেট্রোবাংলার চেয়ারম্যান এরফানুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

প্রতিবেদনে জ্বালানি নিরাপত্তা জোরদারে ১২টি সুপারিশ তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে—জ্বালানি তেলের কৌশলগত মজুদ কমপক্ষে তিন মাসের সক্ষমতায় উন্নীত করা, জ্বালানি আমদানির উৎস বহুমুখীকরণ, সরবরাহ ব্যবস্থায় পূর্ণাঙ্গ অটোমেশন ও ডিজিটাল মনিটরিং চালু, অবৈধ মজুদ ও পাচার রোধে কঠোর আইন প্রয়োগ, এলএনজি ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, ঢাকা-চট্টগ্রাম পাইপলাইন, সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) এবং ইস্টার্ন রিফাইনারি-২ (ইআরএল-২) দ্রুত বাস্তবায়ন, জনসচেতনতা কার্যক্রম জোরদার, বেসরকারি খাতকে জ্বালানি পণ্য আমদানিতে সম্পৃক্ত করার সম্ভাব্যতা যাচাই, রুফটপ সোলার প্যানেল স্থাপন বাধ্যতামূলক করা ও তদারকি বাড়ানো, সিস্টেম লস কমাতে কার্যকর পরিকল্পনা গ্রহণ, তেল, গ্যাস, কয়লা, সৌর ও বায়ু উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনে সমন্বিত পরিকল্পনা এবং বিরোধী দলের সুপারিশগুলো বিবেচনায় নেওয়া।

প্রতিবেদনে বিরোধী দলের সদস্যদের দেওয়া ১০টি সুপারিশও অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা রাজনৈতিক প্রভাবমুক্ত বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে ভবিষ্যৎ জ্বালানি চাহিদা নিরূপণের ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া দেশীয় গ্যাস উৎপাদন বাড়ানো, বাপেক্সের সক্ষমতা বৃদ্ধি, দ্রুত অফশোর অনুসন্ধান, কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সর্বোচ্চ ব্যবহার, নতুন তেলক্ষেত্র অনুসন্ধান, এসপিএম ও ইস্টার্ন রিফাইনারির কার্যক্রম দ্রুত চালু, সৌরবিদ্যুৎ উৎপাদন সম্প্রসারণ, জলবিদ্যুতের সম্ভাবনা যাচাই এবং জ্বালানি বহুমুখীকরণের ওপর জোর দেওয়া হয়।

বিরোধী দলের সুপারিশে ২০৩০ সালের মধ্যে জাতীয় বিদ্যুৎ চাহিদার অন্তত ১০ শতাংশ সৌরবিদ্যুৎ থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ, নেট মিটারিং কার্যকর করা এবং সৌর সরঞ্জামের ওপর আরোপিত কর প্রত্যাহারের প্রস্তাবও রয়েছে।

প্রতিবেদনের উপসংহারে বিশেষ কমিটি বলেছে, সাম্প্রতিক জ্বালানি পরিস্থিতি বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা কাঠামো পুনর্মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা ও ভূরাজনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে দেশের জ্বালানি নীতি, অবকাঠামো ও সরবরাহ ব্যবস্থাকে আরও স্থিতিশীল, বহুমুখী ও প্রযুক্তিনির্ভর করার প্রয়োজন রয়েছে।

কমিটির মতে, দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে কাঠামোগত সংস্কার, অবকাঠামোগত উন্নয়ন, জ্বালানি উৎসের বহুমুখীকরণ এবং সমন্বিত জাতীয় পরিকল্পনা গ্রহণ অত্যন্ত জরুরি। সরকারের সময়োপযোগী পদক্ষেপ, সংসদীয় তদারকি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং জনগণের সহযোগিতার মাধ্যমে একটি শক্তিশালী ও টেকসই জ্বালানি ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun