জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধারকৃত হারিয়ে যাওয়া ৫০ টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় খুলনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সংশ্লিষ্টদের হাতে মোবাইল সেটগুলো তুলে দেওয়া হয়।
খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-(সেবা) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি উদ্ধারকৃত ৫০টি মোবাইল ফোন সংশ্লিষ্ট মালিকদের হাতে তুলে দেন।
এ সময় পুলিশ সুপার মোবাইল ফোন হারানো বা চুরি হওয়ার সঙ্গে সঙ্গে নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার জন্য সবাইকে পরামর্শ দেন। তিনি প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে খুলনা জেলা পুলিশের পেশাদার, দক্ষ ও আন্তরিক ভূমিকার কথা উল্লেখ করে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং সাইবার অপরাধ দমনে বাংলাদেশ পুলিশ সর্বদা সচেষ্ট ও তৎপর রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। হারানো মোবাইল ফিরে পেয়ে সংশ্লিষ্টরা পুলিশকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আবির সিদ্দিকী শুভ্র, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) অপু মন্ডল প্রমুখ। এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।