জেলার সদর উপজেলার সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৩ হাজার পিস নেশা জাতীয় ভারতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার দুপুর সাড়ে ১২ টায় দিনাজপুর ফুলবাড়ী ২৯ বডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবির অধিনায়ক লে.কর্নেল. মোহাম্মদ আরিফ-উজ-জামান প্রেরিত এক প্রেস বার্তায় বাসসকে এই তথ্য নিশ্চিত করেন।
বার্তায় জানানো হয়, আজ শনিবার ভোর রাতে জেলার ফুলবাড়ী ২৯ বডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবির অধীন, সদর উপজেলার খানপুর বিওপি ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ভারত থেকে সীমান্ত অতিক্রম করে মাদক দেশে আসছে। এ ধরনের তথ্যের ভিত্তিতে মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে। বিজিবি সদস্যদের অভিযানে সদর উপজেলার খানপুর সীমান্ত এলাকায় ভারত থেকে আগত মাদক কারবারিদের ধাওয়া করলে তারা কয়েকটি পোটলা ফেলে ভারত সীমানায় পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে বিজিবি সদস্যরা ওই পোটলাগুলো থেকে ৩ হাজার পিস ভারতীয় নেশা জাতীয় ট্যাবলেট উদ্ধার করে। আটককৃত মাদক দ্রব্যের মূল্য ২ লক্ষ ৪০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
লে.কর্নেল. মোহাম্মদ আরিফ-উজ-জামান জানান,পালিয়ে যাওয়া মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেফতার করতে, বিজিবির গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। আগামীতে বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদক দ্রব্য ও চোরাচালানী মালামাল উদ্ধার এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।