জেলা সদরের বকুলতলা মোড়ে আহমেদ পার্সেল সার্ভিস গুদামে র্যাবের অভিযানে ৩৩ হাজার ৭২৪ বোতল যৌন উত্তেজক সিরাপ, ৬০ পিস যৌন উত্তেজক ক্যাপসুলসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল সোমবার রাত ১০টায় দিনাজপুর র্যাব-১৩ ক্যাম্পের জনসংযোগ বিভাগের সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য বাসস’কে নিশ্চিত করেন।
র্যাব-১৩ সূত্র জানায়, সোমবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল দিনাজপুর পৌরসভা সরদার পাড়া বকুলতলা মোড়ে অবস্থিত আহমেদ পার্সেল সার্ভিসের গুদামে অভিযান চালায়। এ সময় ওই গুদাম তল্লাশি করে ৩৩ হাজার ৭২৪ বোতল বিক্রয় নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ এবং ৬০ পিস যৌন উত্তেজক ক্যাপসুল উদ্ধার করা হয়।
এ ঘটনায় বিক্রয় নিষিদ্ধ যৌন উত্তেজক ওষুধ সংরক্ষণ ও পরিবহনের অভিযোগে মো. শহীদুল ইসলাম (৪০), মো. শাহিনুর হক (৪৫) এবং আহমেদ পার্সেল সার্ভিসের দিনাজপুর শাখার ম্যানেজার মো. আবুল কালাম (৩৫) কে গ্রেপ্তার করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে কুরিয়ার সার্ভিসের আড়ালে অবৈধ ও বিক্রয় নিষিদ্ধ যৌন উত্তেজক ওষুধ পরিবহন এবং ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিলেন।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে সোমবার রাতে সদর কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারদের কাছ থেকে উদ্ধার আলামতসহ ৩ জনকে থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৩ জানিয়েছে, অবৈধ ও বিক্রয় নিষিদ্ধ ওষুধের মজুত, পরিবহন ও বিপণনের বিরুদ্ধে তাদের গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।