মাঠ পর্যায়ের ভূমি ব্যবস্থাপনা কার্যক্রমকে অধিকতর গতিশীল, স্বচ্ছ এবং জবাবদিহিতামূলক করে গড়ে তোলার লক্ষ্যে বড় সিদ্ধান্ত নিয়েছে ভূমি মন্ত্রণালয়। দেশের প্রতিটি উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে এখন থেকে কর্মকর্তা-কর্মচারীদের জন্য বায়োমেট্রিক ডিজিটাল হাজিরা পদ্ধতি বাধ্যতামূলক করা হচ্ছে। এ লক্ষ্যে মন্ত্রণালয় থেকে জরুরি ভিত্তিতে ডিভাইস স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে গত ১৪ সেপ্টেম্বর এই সংক্রান্ত নির্দেশনা সংবলিত একটি চিঠি দেশের সব জেলা প্রশাসকের দপ্তরে পাঠানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, সরকারি দপ্তরে সুশাসন প্রতিষ্ঠা এবং ই-গভর্ন্যান্স কার্যক্রমকে ত্বরান্বিত করার অংশ হিসেবেই এমন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
মন্ত্রণালয়ের নির্দেশনায় স্পষ্ট করা হয়েছে যে, সাধারণ মানুষকে নিরবচ্ছিন্ন এবং সময়মতো ভূমি সেবা প্রদানে কর্মকর্তাদের নিয়মিত উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে সঠিক সময়ে উপস্থিতি নিশ্চিত করার ক্ষেত্রে বায়োমেট্রিক ডিজিটাল হাজিরা ডিভাইস স্থাপন ও এর কার্যকর ব্যবহার নিশ্চিত করতে হবে।
স্থাপিত এই ডিভাইসগুলো যেন নিয়মিতভাবে যথাযথ নিয়ম মেনে ব্যবহৃত হয়, তা তদারকি করার জন্য জেলা প্রশাসকদের প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিতে বলা হয়েছে। এর মাধ্যমে মাঠ পর্যায়ের ভূমি অফিসগুলোতে অনিয়ম কমিয়ে সেবার মান বৃদ্ধির প্রত্যাশা করছে মন্ত্রণালয়।