সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর এজ-জোর প্রদেশের একটি সামরিক স্থাপনায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১ জন প্রাণ হারিয়েছেন। শনিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে নিহতের বিষয়টি নিশ্চিত করেছে। সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, সিরিয়ান আরব আর্মির ওই স্থাপনায় বিস্ফোরণে নিহত ১১ জনের জানাজা ও দাফন সম্পন্ন করা হয়েছে। এর আগে শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সেনাবাহিনীর ওই স্থাপনায় বিস্ফোরণ ঘটলেও তখন তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা প্রকাশ করা হয়নি। বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে দমকল বাহিনী ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছিল। ঘটনার কারণ এখনো তদন্তাধীন রয়েছে।
২০২৪ সালের শেষ দিকে দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার পর থেকে সিরিয়ায় এক নতুন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর আগেও দেশটিতে সামরিক স্থাপনায় বিস্ফোরণের একাধিক নজির রয়েছে। চলতি মাসের শুরুর দিকেই সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে একটি অস্ত্রের গুদামে বিস্ফোরণে ১৪ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া একই অঞ্চলে গোলাবারুদবোঝাই একটি গাড়িতে বিস্ফোরণে আরও অন্তত পাঁচজন নিহত হওয়ার ঘটনা ঘটে। দীর্ঘ গৃহযুদ্ধের ক্ষত কাটিয়ে ওঠার চেষ্টা করা দেশটির জন্য একের পর এক এ ধরনের দুর্ঘটনা নতুন সংকটের ইঙ্গিত দিচ্ছে।