রাজধানীর ইসিবি চত্বরে অবস্থিত নিউগিনি প্রপার্টিজে ভাঙচুর ও লুটপাটের মামলায় মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিনকে (৬৬) গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুর ২টা ৪৫ মিনিটে রাজধানীর সেগুনবাগিচার একটি বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের একটি দল তাকে গ্রেপ্তার করে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা এই মামলায় গোলাম মহিউদ্দিন এজাহারভুক্ত ৪ নম্বর আসামি। বুধবার দুপুর ২ টা ৪৫ মিনিটে রাজধানীর সেগুনবাগিচার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের গুলশান বিভাগের একটি টিম।
ঘটনার সূত্রপাত গত ২৬ সেপ্টেম্বর দিবাগত রাতে, যখন ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউগিনি প্রপার্টিজে হামলা চালানো হয়। এ সময় সেখানে ব্যাপক ভাঙচুর ও লুটপাট হয়, যার মধ্যে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও এবং পার্শ্ববর্তী কয়েকটি বাড়ি ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।
এই ঘটনায় নিউগিনি প্রপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে মামলা করেন। মোট ১৩ জন এজহারভুক্ত আসামির মধ্যে এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।