1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

প্রথম জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো জাপান সফরে যাচ্ছেন তারেক রহমান। আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর অনুষ্ঠেয় এই সফর ঢাকা ও টোকিও’র মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে অনুষ্ঠিতব্য এই সফরের মূল লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে দক্ষ কর্মী পাঠানো, জাপানি বিনিয়োগ বাড়ানো, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণ। এছাড়া জাপানি কোম্পানির কারখানা স্থাপন ও মানবসম্পদ উন্নয়নে দেশটির সহায়তা চেয়ে আলোচনা করবে বাংলাদেশ।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম এ তথ্য নিশ্চিত করেন। ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী, মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম ও রাষ্ট্রাচার প্রধান এ এফ এম জাহিদ-উল-ইসলাম। সিয়াম জানান, দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা নিয়ে দুই দেশের সরকারপ্রধান আলোচনা করবেন।

সফরসঙ্গী হিসেবে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদসহ উচ্চপর্যায়ের সরকারি প্রতিনিধিদল। বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তারা টোকিওর উদ্দেশ্যে যাত্রা করবেন।

সফরের দ্বিতীয় দিন ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই নেতার উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে এক ভোজসভার আয়োজন করবেন সানায়ে তাকাইচি। এছাড়াও প্রধানমন্ত্রী জাপান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগ, জাপান-বাংলাদেশ কমিটি ফর কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের চেয়ারম্যান, জাইকা প্রেসিডেন্ট, জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের গভর্নর, জেট্রো সভাপতি এবং সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। জাপানের ইকোনমিক ফোরামে মূল বক্তা হিসেবে তিনি উপস্থিত থাকবেন এবং নাগোয়ায় টয়োটা কারখানা ও চিবা প্রিফেকচারের কুতসু শহরে এলএনজি টার্মিনালসহ বিভিন্ন অবকাঠামো পরিদর্শন করবেন।

উন্নয়ন সহযোগিতার অংশ হিসেবে কৃষি, মৎস্যসম্পদ, মানবসম্পদ উন্নয়ন, বেসামরিক বিমান পরিবহন, বাণিজ্য, পরিবেশ সংরক্ষণ ও স্থানীয় সরকার আধুনিকীকরণ বিষয়ে একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে বলে আশা করা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে দুই দেশের সম্পর্ক কৌশলগত অংশীদারত্বের পর্যায়ে উন্নীত হয়েছে। স্বাধীনতার পর বাংলাদেশকে দ্রুত স্বীকৃতি প্রদানকারী অন্যতম বন্ধুরাষ্ট্র জাপান বরাবরই বাংলাদেশের অবকাঠামো ও আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এই সফরের মাধ্যমে অর্থনৈতিক ও বাণিজ্যিক অংশীদারত্বের পাশাপাশি নিরাপত্তা খাতেও দুই দেশের সহযোগিতা আরও জোরদার হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun