সামাজিক যোগাযোগমাধ্যমে শারীরিক গঠন নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও অশালীন ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দক্ষিণী চলচ্চিত্র অভিনেত্রী পায়েল রাজপুত। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, গত মঙ্গলবার (২০ অক্টোবর) সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় নিজের এই অসন্তোষ ও ক্ষোভের কথা জানান তিনি। তার এই বক্তব্য সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। পায়েল রাজপুত তেলুগু চলচ্চিত্রের পরিচিত মুখ।
অনলাইনে কুৎসিত মন্তব্যের শিকার হওয়া পায়েল বলেন, যারা একজন নারীর শরীর নিয়ে এমন জঘন্য মন্তব্য করছে বা অশালীন কন্টেন্ট ছড়াচ্ছে, তাদের নিজেদের আচরণ নিয়ে লজ্জা হওয়া উচিত। সাইবার স্পেসে নারীদের প্রতি এমন কুরুচিপূর্ণ মানসিকতা বন্ধ হওয়া প্রয়োজন বলে মনে করেন এই অভিনেত্রী। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তার শরীর নিয়ে অন্যদের বিচার-বিশ্লেষণ কিংবা অশালীন মন্তব্য করার অধিকার কারও নেই। এগুলো তোমাদের বিতর্ক, মতামত কিংবা অশ্লীলতার বিষয় নয়। নিজেদের সীমার মধ্যে থাকো, নিজের কাজ নিয়ে থাকো। বিশেষ করে, বিনোদনজগতের নারীদের ব্যক্তিগত চেহারা ও শারীরিক গঠন নিয়ে অনলাইনে আপত্তিকর মন্তব্যের বিষয়টি আবারও সামনে এসেছে।
উল্লেখ্য, ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত আলোচিত ‘আরএক্স ১০০’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে রূপালি জগতে ব্যপক পরিচিতি লাভ করেন পায়েল রাজপুত। পরবর্তীতে ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘মঙ্গলাভারাম’ চলচ্চিত্রেও দুর্দান্ত পারফর্ম করে দর্শকদের প্রশংসা ও নজর কাড়েন তিনি। ডেকান ক্রনিকল সূত্রে এসব তথ্য জানা গেছে। এরপর ‘আরডিএক্স লাভ’, ‘ভেঙ্কি মামা’ ও ‘ডিসকো রাজা’সহ বিভিন্ন সিনেমায় অভিনয় করেছেন।