মানুষের তদারকি ছাড়া বা নামমাত্র নিয়ন্ত্রণে পরিচালিত মরণাস্ত্রের ব্যবহার সীমাবদ্ধ করতে জেনেভায় জাতিসংঘের একটি বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার শেষ হওয়া এই সম্মেলনে অংশগ্রহণকারী শতাধিক দেশ আগামী দুই বছরের মধ্যে এসব অস্ত্রের ক্ষেত্রে নতুন নীতিমালা প্রণয়নের লক্ষ্যে আলোচনা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে। ইউক্রেন, সুদান ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংঘাতময় অঞ্চলে এমন প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে।
জেনেভায় অনুষ্ঠিত ‘কনভেনশন অন সার্টেইন কনভেনশনাল উইপন’ শীর্ষক এই সভায় যুদ্ধক্ষেত্রে নির্দিষ্ট কিছু মারণাস্ত্রের ব্যবহার নিষিদ্ধ করার বিষয়ে আলোচনা করা হয়। ঘাতক রোবট বা স্বয়ংক্রিয় অস্ত্রের ব্যবহার বন্ধের পক্ষে প্রায় ১০০টি দেশ অবস্থান নিলেও যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইসরায়েলের মতো বড় সামরিক শক্তিগুলো এর বিরোধিতা করেছে। ফলে এ বিষয়ে চূড়ান্ত কোনো আইনগত নীতিমালা হবে কি না, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। প্রায় ১০০ দেশ এ অবস্থানের পক্ষে ছিল। এ ধরনের অস্ত্রকে ‘ঘাতক রোবটও’ বলা হয়। এর মধ্যেই জাতিসংঘের কনভেনশন অন সার্টেইন কনভেনশনাল উইপনের সদস্যদেশগুলো গত সোমবার থেকে জেনেভায় আলোচনায় বসে।
সম্মেলনে সুইজারল্যান্ডের প্রতিনিধি জুলিয়েন থোয়েনি একে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে অভিহিত করেছেন। তবে অনেক মানবাধিকার সংস্থা এই ধীরগতির সমালোচনা করেছে। ‘স্টপ কিলার রোবটস’ সংগঠনের নির্বাহী পরিচালক নিকোল ভ্যান রুইজেন বলেন, আইনগতভাবে বাধ্যতামূলক কোনো চুক্তি প্রণয়নে দীর্ঘসূত্রতা সাধারণ মানুষ ও পুরো মানবজাতিকে মারাত্মক ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে।