পবিত্র নগরী মক্কার উদ্দেশ্যে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের একটি ড্রোন হামলা চালানোর চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই প্রচেষ্টাকে ‘লজ্জাজনক আগ্রাসন’ হিসেবে অভিহিত করেছে। বিবৃতিতে আরও বলা হয়, ইসলামি পবিত্র স্থানগুলোর মর্যাদা ও নিরাপত্তা এবং সেখানে আগত তীর্থযাত্রীদের সুরক্ষাকে কোনোভাবেই সংঘাতের লক্ষ্যবস্তু বানানো উচিত নয়।
সৌদি আরবের ভূখণ্ড, নিরাপত্তা এবং পবিত্র স্থানগুলো রক্ষায় রিয়াদ যে পদক্ষেপ গ্রহণ করেছে, তার প্রতি দোহা পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে। এর আগে সৌদি আরবের পক্ষ থেকে দাবি করা হয় যে, মক্কার দিকে ধেয়ে আসা একটি ড্রোন মাঝপথেই তারা প্রতিহত ও ধ্বংস করতে সক্ষম হয়েছে।
তবে এই অভিযোগ পুরোপুরি নাকচ করে দিয়েছে হুথি বিদ্রোহীরা। পবিত্র এই স্থানে কোনো ধরনের হামলার পরিকল্পনা বা চেষ্টার কথা অস্বীকার করে সৌদি আরবের ভাষ্যকে তারা ‘ন্যক্কারজনক মিথ্যা’ বলে দাবি করেছে।