ভোক্তা পর্যায়ে ফার্নেস অয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সরবরাহ করা এই জ্বালানি তেলের দাম লিটারে ৮ টাকা ৩৯ পয়সা বাড়িয়ে ১০৮ টাকা ৭৮ পয়সা নির্ধারণ করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানায় কমিশন। এদিন রাত ১২টা থেকেই নতুন এই মূল্য কার্যকর হবে, যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে এই মূল্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বিইআরসি। মূলত ফার্নেস অয়েলের প্লাটস রেটের গড়, অপরিশোধিত তেলের এফওবি মূল্য ও মার্কিন ডলারের বিনিময় হারসহ প্রাসঙ্গিক সব বিষয় বিবেচনা করে এই দাম সমন্বয় করা হয়েছে। নতুন এই বর্ধিত মূল্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বাবিউবো), সরকারি ও বেসরকারি মালিকানাধীন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, বিভিন্ন শিল্পকারখানা এবং অন্যান্য সকল গ্রাহকের ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য হবে।