1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর ফ্লোর প্রাইস প্রত্যাহারে বিএসইসিকে ডিবিএর ধন্যবাদ জ্ঞাপন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও বেক্সিমকো লিমিটেডের শেয়ারের ওপর দীর্ঘদিনের ফ্লোর প্রাইস প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) ধন্যবাদ জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

আজ (মঙ্গলবার) ডিবিএ’র সেক্রেটারি মো. দিদারুল গনীর পাঠানো এক লিখিত বার্তায় অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

এতে আরও বলা হয়, গত ৪ মে পুঁজিবাজারে ফ্লোর প্রাইসজনিত অচলাবস্থা দূরীকরণ এবং স্বাভাবিক লেনদেন পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বিএসইসির কাছে একটি আবেদনপত্র পাঠানো হয়।

ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও বেক্সিমকো লিমিটেডের শেয়ারে দীর্ঘদিন ধরে ফ্লোর প্রাইস বহাল থাকায় বিক্রেতাদের স্বাভাবিক লেনদেন কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। এতে বাজারে স্বাভাবিক মূল্য আবিষ্কার প্রক্রিয়াও ব্যাহত হচ্ছে।

এছাড়া ফ্লোর প্রাইস ব্যবস্থা মার্জিন ঋণগ্রহীতা বিনিয়োগকারীদের জন্য নেতিবাচক ইক্যুইটির ঝুঁকি বাড়াচ্ছিল এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের মধ্যে বাংলাদেশের পুঁজিবাজার সম্পর্কে নেতিবাচক ধারণা সৃষ্টি করছিল বলেও আবেদনে উল্লেখ করা হয়।

ডিবিএর আবেদন ও বাজারের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিএসইসির নতুন কমিশন ইসলামী ব্যাংক ও বেক্সিমকো লিমিটেডের শেয়ারের ওপর ফ্লোর প্রাইস প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।

এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম নবনিযুক্ত বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান এবং কমিশন সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

ডিবিএ মনে করে, এ সিদ্ধান্ত বাজারে দীর্ঘদিনের স্থবিরতা দূর করতে, স্বাভাবিক লেনদেন পুনরুদ্ধার করতে এবং বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি বাজারভিত্তিক মূল্য নির্ধারণ ব্যবস্থা আরও কার্যকর, স্বচ্ছ ও গতিশীল করবে।

ডিবিএ আশা প্রকাশ করে, নতুন কমিশনের নেতৃত্বে বাজারের স্বার্থে দীর্ঘদিনের বিদ্যমান প্রতিবন্ধকতা দূর হবে এবং একটি স্বচ্ছ, আধুনিক, টেকসই ও আস্থাশীল পুঁজিবাজার গড়ে তোলা সম্ভব হবে।

এছাড়া পুঁজিবাজারের উন্নয়ন, বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ ও বাজারের স্থিতিশীলতা নিশ্চিতে ভবিষ্যতেও কমিশনের সঙ্গে একযোগে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ডিবিএ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun