1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ১২ জুন, ২০২৬

খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে এসেছে।

প্রায় আড়াই ঘণ্টা পর রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর ময়লাপোতা মোড়ে অবস্থিত বেসরকারি এই হাসপাতালটিতে আগুনের সূত্রপাত ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করে।

প্রায় আড়াই ঘণ্টার নিরলস চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। পুরো সময়জুড়ে নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালের বেজমেন্টে হঠাৎ একটি বিকট শব্দ শোনা যায়। এর কিছুক্ষণ পরই সেখানে আগুন দেখা দেয় এবং দ্রুত ধোঁয়া ভবনের বিভিন্ন তলায় ছড়িয়ে পড়লে রোগী, স্বজন ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিস। তাদের সঙ্গে পুলিশ ও স্থানীয়রা আগুন নেভানোর কাজে অংশ নেন। হাসপাতালে থাকা রোগী ও তাদের স্বজনরা আগুন লাগার পর আতঙ্কিত হয়ে বাইরে যাওয়ার জন্য ছোটাছুটি করতে থাকেন।

এসময় হাসপাতালের বিভিন্ন তলায় রোগীর স্বজনদেরকে জানালার গ্লাস ভেঙে অক্সিজেন সরবরাহ স্বাভাবিক করতে দেখা যায়। ফায়ার সার্ভিসের মই দিয়ে সিঁড়ি সংলগ্ন জানালা থেকে রোগী ও স্বজনদের নামানো হয়।

আগুনের ঘটনার পরপরই বেশকিছু গুরুতর অসুস্থ রোগীকে শান্তিধাম মোড়স্থ ইসলামী ব্যাংক হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ অন্যান্য সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে নেয়া হয়।

আগুন ঠিক কোন জায়গা থেকে বা কি কারণে লেগেছে তা জানা যায়নি। জেনারেটর ছাড়াও সেখানে ওই হাসপাতালের বৈদ্যুতিক সাবস্টেশন রয়েছে। সেখান থেকেও আগুনের সূত্রপাত হতে পারে বলেও কেউ কেউ মনে করছেন।

খুলনা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মাসুদ সরদার বাসসকে বলেন, আমাদের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো তথ্য এখনও পাওয়া যায়নি।

একই সঙ্গে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও এখনো নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun