1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঈশ্বরদীর ২ মেধাবী শিক্ষার্থী গ্লোবাল এটমিক কুইজ জিতে রাশিয়া যাচ্ছেন রাজশাহী প্রেসক্লাবকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে জরুরি সভা, প্রকাশ্যে ক্ষমা না চাইলে আইনগত ব্যবস্থার হুঁশিয়ারি বিনিয়োগকারীদের জন্য অনলাইনভিত্তিক ওয়ান-স্টপ সেবা চালুর উদ্যোগ জোরদার হচ্ছে : বাণিজ্যমন্ত্রী কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত মৎস্য উৎপাদন বৃদ্ধিতে ১১ প্রকল্প বাস্তবায়ন করছে সরকার : মন্ত্রী জাতীয় সিভিল এভিয়েশন মাস্টারপ্ল্যান প্রণয়নের কার্যক্রম শুরু জাতীয় স্বার্থে পদ্মা ব্যারেজ প্রকল্প গুরুত্বপূর্ণ : পানি সম্পদ মন্ত্রী অস্ট্রেলিয়ার কাছে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ বিআইপিএস পরিচালনা বোর্ড ও নির্বাহী কমিটি পুনর্গঠনে বোর্ড সভা আহ্বানের সিদ্ধান্ত ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২০

উন্নত জাতের লাউ চাষ করে সফল দিনাজপুরের মিজানুর

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ২১ জুন, ২০২৬

সুপার গ্রিন জাতের লাউ চাষ করে সফল হয়েছেন জেলার খানসামা উপজেলার পাকেরহাট গ্রামের যুবক মিজানুর রহমান (৩২)।

আজ রোববার তার লাউ ক্ষেত সরেজমিনে পরিদর্শন করেছেন দিনাজপুর কৃষি অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. আসাদুজ্জামান।
 
এ সময় তিনি ওই যুবকের লাউ চাষে সফলতা অর্জনের বিষয়টি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। 

তিনি বলেন, আধুনিক ও জৈব পদ্ধতিতে চাষ করা এই লাউ ইতোমধ্যে বাজারে ভালো সাড়া ফেলেছে। অল্প খরচে বেশি লাভ হওয়ায় তার এ উদ্যোগ স্থানীয় কৃষকদের মধ্যেও আগ্রহ সৃষ্টি করেছে।

খানসামা উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. নাসিব আহমেদ খাঁন জানান, দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের জৈব সার ব্যবহারে ও আধুনিক পদ্ধতিতে সবজি উৎপাদনে উৎসাহিত করছে।

এর অংশ হিসেবে উপজেলার কয়েকটি গ্রামের যুবকদের উন্নত জাতের সুপার গ্রিন লাউ চাষে সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে।

মিজানুর রহমান মাত্র ২১ শতক জমিতে জৈব সার ব্যবহার করে সবজি উৎপাদনের একটি প্রদর্শনী প্লট স্থাপন করেন। সেখানে সুপার গ্রিন জাতের লাউ চাষ করে তিনি সফল হয়েছেন।

মিজানুর রহমান জানান, চলতি মৌসুমে তিনি এক একর অর্থাৎ ১০০ শতক জমিতে সুপার গ্রিন জাতের লাউ চাষ করেছেন। এর মধ্যে ২১ শতক জমিতে জৈব পদ্ধতিতে প্রদর্শনী কার্যক্রম পরিচালিত হচ্ছে। 

লাউ চাষে তার মোট ব্যয় হয়েছে প্রায় ৪৮ হাজার টাকা। এই ব্যয়ের মধ্যে বীজ, মাচা তৈরি, জৈব সার, শ্রমিক ও পরিচর্যা খরচ অন্তর্ভুক্ত রয়েছে।

তিনি জানান, তার ক্ষেত থেকে লাউ বাজারে বিক্রি করে তিনি প্রায় ১ লাখ ৭৫ হাজার টাকা আয় করেছেন। জমিতে এখনও পর্যাপ্ত পরিমাণ লাউ রয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে অবশিষ্ট ফলন বিক্রি করে প্রায় ২ থেকে ৩ লাখ টাকা আয় হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

মিজানুর বলেন, স্থানীয় উপজেলা কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী জৈব সার ও পরিবেশবান্ধব বালাই নাশক পোকা দমন পদ্ধতি ব্যবহার করেছি। সুপার গ্রিন জাতের লাউ দেখতে আকর্ষণীয়, আকারে বড় এবং ওজন বেশি হওয়ায় বাজারে ভালো দাম পাওয়া যাচ্ছে।

স্থানীয় বাজারে গিয়ে দেখা যায়, সাধারণ লাউয়ের তুলনায় সুপার গ্রিন জাতের লাউ ক্রেতাদের বেশি আকৃষ্ট করছে। পাইকার ও খুচরা ব্যবসায়ীরা ক্ষেত থেকেই লাউ কিনে নিচ্ছেন। এতে পরিবহন খরচ কমছে এবং কৃষকরাও ন্যায্য মূল্য পাচ্ছেন।

স্থানীয় কৃষক ফজলে হক জানান, মিজানুরের এই সাফল্য দেখে অনেকেই আগামী মৌসুমে সুপার গ্রিন জাতের লাউসহ অন্যান্য সবজি চাষে আগ্রহী হচ্ছেন।

ওই গ্রামের এক কৃষক আফতাব হোসেন বলেন, অল্প খরচে যদি এত লাভ হয়, তাহলে লাউ চাষ অবশ্যই লাভজনক। আমরা কৃষি অফিসের পরামর্শ নিয়ে এই জাতের লাউ আগামী মৌসুমে চাষ করবো।

খানসামা উপজেলা কৃষি বিভাগের মাঠ কর্মকর্তা সবুজ আহমেদ বাসসকে বলেন, দিনাজপুর অঞ্চলের মাটি ও আবহাওয়া, লাউসহ বিভিন্ন সবজি চাষের জন্য অত্যন্ত উপযোগী।

পরিকল্পিত চাষাবাদ, জৈব পদ্ধতির ব্যবহার এবং সরকারি সহায়তা পেলে অল্প জমিতে কৃষকরা স্বাবলম্বী হতে পারবেন।

খানসামা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইয়াসমিন আক্তার বাসসকে বলেন, সুপার গ্রিন জাতের লাউ একটি উচ্চ ফলনশীল জাত। রোগ-বালাই তুলনামূলক কম হওয়ায় এই জাতের লাউ চাষে ঝুঁকি নেই বলে চলে। 

সঠিক সময়ে এই উন্নত জাতের লাউ চাষ ও নিয়মিত পরিচর্যা করলে অল্প জমিতে ভালো লাভবান হওয়া সম্ভব।

তিনি বলেন, টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে কৃষকদের জৈব ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তির সাথে পরিচিত করা হচ্ছে। 

জৈব সবজি উৎপাদন প্রদর্শনীর মাধ্যমে কৃষকরা হাতে-কলমে শিখছেন, কিভাবে নিরাপদ ও স্বাস্থ্য সম্মত সবজি উৎপাদন করা যায়।

এ ধরনের বিষমুক্ত জৈব সার ব্যবহারে লাউসহ অন্যান্য সবজি চাষে কৃষকরা এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun