দেশের মৎস্যসম্পদের উৎপাদন বৃদ্ধি ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার চলতি অর্থবছরে বিভিন্ন পরিকল্পনার পাশাপাশি ১১টি উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
আজ সংসদে হবিগঞ্জ-৪ আসনের সরকারি দলের সদস্য এস. এম. ফয়সলের টেবিলে উপস্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, মৎস্য খাতের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্যে বিভিন্ন অঞ্চলে বিশেষায়িত প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি জানান, গৃহীত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- রাজশাহী বিভাগে জলবায়ু সহনশীল মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্প, ময়মনসিংহ বিভাগে টেকসই মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্প, খরা-প্রবণ রংপুর বিভাগে টেকসই মৎস্যচাষ সম্প্রসারণ প্রকল্প, বাংলাদেশের মৎস্যসম্পদ জরিপ প্রকল্প, নির্বাচিত বাঁওর এলাকায় সমাজভিত্তিক মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্প এবং বাংলাদেশের সামুদ্রিক মৎস্যসম্পদ জরিপ ও মজুদ নিরূপণ জোরদারকরণ প্রকল্প।
এছাড়া অভ্যন্তরীণ উন্মুক্ত জলাশয়ে দেশি পাঙ্গাস ও পোয়া মাছের স্থায়িত্বশীল ব্যবস্থাপনা প্রকল্প, চা-বাগান ও পার্শ্ববর্তী এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর পুষ্টিমান উন্নয়নে মৎস্য সম্প্রসারণ প্রকল্প, বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী জেলায় মৎস্য উন্নয়ন প্রকল্প, হাওর অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্প এবং অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জলাশয় সংস্কার ও আবাসস্থল উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
মোহাম্মদ আমিন উর রশিদ জানান, মোট ১ হাজার ৮৭৫ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে এসব প্রকল্প বাস্তবায়ন করা হবে।
তিনি আরও জানান, হবিগঞ্জ জেলার জন্য পৃথক কোনো বরাদ্দ না থাকলেও ‘হাওর অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্প’-এর আওতায় জেলাটি অন্তর্ভুক্ত রয়েছে এবং প্রকল্পের সুবিধা পাবে।