জেলার প্রায় আড়াই লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যে নাটোরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে।
নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন আজ সকাল সাড়ে আটটায় শহরের রাণী ব্রজসুন্দরী উপস্বাস্থ্য কেন্দ্রে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ।
সিভিল সার্জন ডা. মুহাম্মদ মশিউর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ সচিব সুজিৎ দেবনাথ এবং পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সময়মতো ভিটামিন ‘এ’ গ্রহণ করা হলে শিশুদের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত হওয়ার পাশাপাশি দৃষ্টিশক্তি স্বাভাবিক থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
বিশেষ করে হামের বিস্তার পরবর্তী সময়ে এই ভিটামিন গ্রহণের মাধ্যমে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। ফলে গড়ে উঠবে বুদ্ধিদীপ্ত মেধাবী প্রজন্ম।
সিভিল সার্জন ডা. মুহাম্মদ মশিউর রহমান বলেন, দায়িত্ব পালনকারী স্বাস্থ্য কর্মী এবং স্বেচ্ছাসেবকদের ইতোমধ্যে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে জেলার সাড়ে তিন হাজার মসজিদে জুম্মার খুতবায় প্রচারণা চালানো হয়েছে। কেন্দ্রগুলোর আশেপাশে মাইকিংয়ের মাধ্যমেও প্রচারণা চালানো হয়। এছাড়া জেলা তথ্য বিভাগ নিয়মিত সড়ক প্রচারণা কার্যক্রম পরিচালনা করছে।
তিনি জানান, জেলার মোট দুই লাখ ৪৮ হাজার ৫৯৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৫ হাজার ৫৯২ শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী দুই লাখ ২৩ হাজার ৩৩ শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। জেলার এক হাজার ৩৮৮টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে।