গোয়াইনঘাট প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাট উপজেলার গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে প্রায় ৯ লাখ টাকা ব্যয়ে ওয়াশ ব্লক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১১ মে) দুপুরে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা World Vision Bangladesh এর অর্থায়নে নির্মিতব্য এ ওয়াশ ব্লক কার্যক্রমের উদ্বোধন করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।
এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীসহ ওয়ার্ল্ড ভিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, প্রতিষ্ঠার পর থেকে বিদ্যালয়ে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা না থাকায় তাদের নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হতো। বিশেষ করে নিরাপদ ও পরিচ্ছন্ন টয়লেট ব্যবহারে দুর্ভোগ পোহাতে হয়েছে দীর্ঘদিন। নতুন ওয়াশ ব্লক নির্মাণের ফলে সেই সমস্যার সমাধান হবে বলে তারা আশা প্রকাশ করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা আক্তার বলেন, টয়লেট সংকটের কারণে শিক্ষার্থীদের প্রতিদিন নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হতো। এতে শুধু স্বাস্থ্যঝুঁকিই নয়, শিক্ষার্থীদের উপস্থিতি ও স্বাভাবিক শিক্ষার পরিবেশও ব্যাহত হচ্ছিল।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. করিম মাহমুদ লিমন বলেন, প্রায় ১৫ বছর ধরে বিদ্যালয়ের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী একটি জরাজীর্ণ টয়লেট ব্যবহার করতে বাধ্য ছিল। নতুন ওয়াশ ব্লক নির্মিত হলে শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য বড় ধরনের সুফল বয়ে আনবে।
গোয়াইনঘাট অনলাইন প্রেস ক্লাব এর নির্বাহী সদস্য সাকিব আহমেদ বলেন, স্বাস্থ্যসম্মত ও সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।