1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

খুলনায় জামায়াত নেতাকে বহিষ্কার 

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ৩১ মে, ২০২৬

খুলনার পাইকগাছায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের প্রতি আনুগত্যহীনতা এবং ঊর্ধ্বতন নেতাদের সম্পর্কে অশোভন আচরণের অভিযোগে রাড়ুলী ইউনিয়ন জামায়াতের নেতা শেখ মহিবুল্লাহকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। গত ২৭ মে খুলনা জেলা জামায়াতের আমির এমরান হোসাইনের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

চিঠিতে বলা হয়, উপজেলার রাড়ুলী ইউনিয়নের সদস্য (রুকন) মহিবুল্লাহ সংগঠনের আনুগত্য ও শৃঙ্খলা ভঙ্গ করার পাশাপাশি দায়িত্বশীল নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়ার অপরাধে তার সদস্যপদ (রুকনিয়াত) সাময়িকভাবে বাতিল করা হয়েছে। একই সঙ্গে তাকে সংগঠনের সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শেখ মহিবুল্লাহ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ নম্বর রাড়ুলী ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার লক্ষ্য নিয়ে দীর্ঘদিন ধরে প্রচারণা চালিয়ে আসছিলেন। তবে সম্প্রতি ওই ইউনিয়নে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে দলটির নেতা সহকারী অধ্যাপক মো. আব্দুল মোমিন সানার নাম ঘোষণা করা হয়।

 এদিকে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে ঈদুল আজহার পরদিন, ২৯ মে, ইউনিয়নজুড়ে মোটরসাইকেল শোভাযাত্রার ঘোষণা দেন শেখ মহিবুল্লাহ। পরে পূর্বঘোষণা অনুযায়ী তিনি তার সমর্থকদের নিয়ে মোটরসাইকেল শোডাউন করেন।

এ বিষয়ে শেখ মহিবুল্লাহ বলেন, চেয়ারম্যান প্রার্থী ঘোষণা নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়। সে কারণে গত ১১ মে তিনি দল থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন।

তিনি বহিষ্কারের চিঠি পেয়েছেন বলেও জানান। তিনি বলেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে নির্বাচন করবেন।’

পাইকগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা সাঈদুর রহমান জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে রাড়ুলী ইউনিয়নের রুকন পদ থেকে শেখ মহিবুল্লাহকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun