চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে দুই বাসের প্রতিযোগিতায় বিল্লাল হোসেন (৫৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। রবিবার (৩১ মে) সকাল ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে হাজীগঞ্জ পৌরসভার টোরাগড়ের মনির ফিলিং স্টেশনের সামনে।
নিহত ব্যক্তি একই এলাকার ডক্টরস্ সিটি স্ক্যান সেন্টারের দারোয়ান হিসেবে কর্মরত ছিলেন। রাতের ডিউটি শেষে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। তিনি শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের মুড়াগাঁ গ্রামের মুন্সী বাড়ির বাসিন্দা।
স্থানীয় একটি সিসিটিভির ফুটেজে দেখা গেছে, সকালে কুমিল্লা থেকে চাঁদপুরের দিকে যাচ্ছিলো আইদি পরিবহনের যাত্রীবাহী একটি বাস।
ঠিক তার পেছনে ছিল বোগদাদ পরিবহনের অপর একটি যাত্রীবাহী বাস। বোগদাদ বাসটি আইদি বাসটি ওভারটেক করতে চেয়েছিল, কিন্তু আইদি বাসটি বোগদাদকে ওভারটেকের সুযোগ না দিলে বোগদাদ বাসটি বিপরীত দিক থেকে প্রবেশ করে। এ সময় সড়কের পাশে থাকা দারোয়ান বিল্লাল হোসেনকে চাপা দেয় বোগদাদ বাসটি। তিনি মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ঘটনার পরেই বাসদুটি রেখে বাসের চালক ও সুপারভাইজার পালিয়ে যান।
সেন্টু নামের একজন প্রত্যক্ষদর্শী জানান, দুইটি বাসের অসুস্থ প্রতিযোগিতার কারণে অসহায় ও দরিদ্র লোকটির মৃত্যু হয়েছে। এটি তারা ইচ্ছাকৃতভাবে করেছে।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান কালের কণ্ঠকে জানান, সংশ্লিষ্ট বাস দুইটি জব্দ এবং নিহতের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে মরদেহ পুলিশি হেফাজতে নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।