1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
‎কাশিমপুরে দুই লাখ দশ হাজার টাকা জরিমানা করলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাংবাদিক জামালের ওপর সন্ত্রাসী হামলা গাজীপুর কাশিমপুরে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা রাজধানীসহ সারাদেশে তীব্র গ্যাস সংকট গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন ভিসি নওগাঁয় ৮২ শিক্ষার্থীকে বাইসাইকেল, ৫৫ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনায় ১১.২৫ লাখ ইউরোর প্রকল্প বাস্তবায়নে চুক্তি করলো বাংলাদেশ-আইওএম দেশ গড়ার দায়িত্ব আমাদের সবার : প্রতিমন্ত্রী টুকু ডেপুটি স্পিকারের সহযোগিতায় শিশুর হৃদরোগের সফল অস্ত্রোপচার

বিশ্বকাপে খেলোয়াড় পাঠানো ক্লাবগুলোর জন্য অর্থ বরাদ্দ বাড়াল ফিফা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ৬ জুন, ২০২৬

 বিশ্বকাপ বা এর বাছাইপর্বে অংশ নেওয়া খেলোয়াড়দের ক্লাবগুলো এ বছর আগের তুলনায় বেশি আর্থিক ক্ষতিপূরণ পাবে বলে শুক্রবার ঘোষণা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

ফিফা জানিয়েছে, ক্লাব বেনিফিটস প্রোগ্রামের তহবিল বাড়িয়ে ৩৫৫ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৩০৬ মিলিয়ন ইউরো) করা হয়েছে। গত বছরের সেপ্টেম্বরে সংস্থাটি ঘোষণা করেছিল যে, ২০২২ ফিফা বিশ্বকাপ উপলক্ষে বিতরণ করা অর্থের তুলনায় এটি ৭০ শতাংশ বেশি হবে।

যদিও ফিফা বিশ্বকাপ থেকে মোট আয়ের নির্দিষ্ট হিসাব কখনও প্রকাশ করে না, তবে তাদের অনুমান অনুযায়ী ২০২৬ সালে মোট আয় ২০২২ সালের তুলনায় ৫৬ শতাংশ বেশি হবে। এছাড়া ২০২৩-২০২৬ চক্রে সংস্থাটির আয় আগের চক্রের তুলনায় ৭২ শতাংশ বেশি হবে। এর মধ্যে ২০২৫ সালের সম্প্রসারিত ফিফা ক্লাব বিশ্বকাপ অন্তর্ভুক্ত রয়েছে। 

এবারের বিশ্বকাপও আগের তুলনায় বড় আকােে অনুষ্ঠিত হতে যাচ্ছে। অংশগ্রহণকারী দলের সংখ্যা ৩২ থেকে ৪৮-এ উন্নীত হয়েছে, ম্যাচ সংখ্যা ৬৪ থেকে ১০৪-এ বেড়েছে এবং টুর্নামেন্টের সময়কাল ২৯ দিনের পরিবর্তে ৩৯ দিন হবে।

এছাড়া প্রথমবারের মতো বিশ্বকাপ বাছাইপর্বে অংশগ্রহণকারী খেলোয়াড়দের জন্যও ক্লাবগুলো ক্ষতিপূরণ পাবে।

মোট ৩৫৫ মিলিয়ন ডলারের তহবিল তিনটি অংশে ভাগ করা হয়েছে- ২৫০ মিলিয়ন ডলার রাখা হয়েছে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী খেলোয়াড়দের ক্লাবগুলোর জন্য। ফিফার হিসাব অনুযায়ী, বিশ্বকাপে অবস্থানকালীন প্রতিটি খেলোয়াড়ের জন্য ক্লাবগুলো প্রতিদিন ন্যূনতম ৫,০০০ ডলার পাবে। তবে টুর্নামেন্ট শেষে চূড়ান্ত অঙ্ক নির্ধারণ করা হবে। অর্থপ্রদান হবে প্রতি খেলোয়াড় ও প্রতি দিনের ভিত্তিতে, যেখানে স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং টুর্নামেন্টে খেলোয়াড়ের সম্পৃক্ততার সময়কাল বিবেচনা করা হবে।

এছাড়া ১০০ মিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে বাছাইপর্বের জন্য। ৯০৫টি বাছাইপর্বের ম্যাচ এবং স্বাগতিক তিন দেশের জন্য আয়োজিত ১০টি প্রীতি ম্যাচে ম্যাচ-ডে স্কোয়াডে থাকা প্রতিটি খেলোয়াড়ের জন্য ২,৩৬২ ডলার করে প্রদান করা হবে। স্বাগতিক দেশগুলোকে বাছাইপর্ব খেলতে হয় না বলেই এই ব্যবস্থা রাখা হয়েছে।

বাকি ৫ মিলিয়ন ডলার প্রশাসনিক বয়ের জন্য ব্যবহৃত হবে। এর কোনো উদ্বৃত্ত অর্থ থাকলে তা বিশ্বব্যাপী ক্লাব ফুটবলের উন্নয়নে ব্যয় করা হবে।

ফিফা সভাপতি গিয়ান্নি ইনফান্তিনো এক বিবৃতিতে বলেন, “সম্প্রসারিত ফিফা বিশ্বকাপের এটি আরেকটি সুফল। এর মাধ্যমে পুরো ফুটবল ব্যবস্থার বিভিন্ন স্তরে আরও বেশি সহায়তা পৌঁছাবে, বিশেষ করে সেই ক্লাবগুলোর কাছে যারা বিশ্বমঞ্চে নিজেদের মেলে ধরার জন্য খেলোয়াড় সরবরাহ করে।”

খেলোয়াড়দের জন্য অর্থপ্রদান নির্ধারণ করা হবে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার সময় তাদের যে ক্লাবে নিবন্ধন থাকবে তার ভিত্তিতে। তবে টুর্নামেন্ট চলাকালে কোনো খেলোয়াড় ক্লাব পরিবর্তন করলে বা বদলি খেলোয়াড় অন্তর্ভুক্ত হলে সেসব ক্ষেত্রেও বিশেষ বিধান রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun