কক্সবাজারের মহেশখালীতে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও খেলাধুলা সামগ্রী বিতরণ এবং অসহায় মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।
আজ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘বাংলাদেশ কোস্ট গার্ড প্রতিনিয়তই উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিশেষ করে শিক্ষা বিস্তারে সহায়তা, কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও খেলাধুলা সামগ্রী বিতরণ এবং অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে মানবিক দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে কোস্ট গার্ড।’
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মহেশখালী উপজেলার মুদির ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১১০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা ও খেলাধুলা সামগ্রী বিতরণ করা হয়। একই দিনে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সিকদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একটি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়, যেখানে ৬৯২ জন অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জনকল্যাণমূলক এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।’