1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

ভূরুঙ্গামারীতে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইলের ডিসপ্লে উদ্ধার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

জেলার ভূরুঙ্গামারী উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করেছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে এসব পণ্য জব্দ করা হয়।

সীমান্ত পথে আনা এই চোরাচালানের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, জব্দকৃত মোবাইল ডিসপ্লেগুলো ঢাকার উদ্দেশে পাচারের পরিকল্পনা ছিল। এই চক্রের মূলহোতা উপজেলার পাথরডুবি ইউনিয়নের বাঁশজানি এলাকার চিহ্নিত চোরাকারবারি মো. নূর ইসলামকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের বাঁশজানি সীমান্ত দিয়ে এই বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ডিসপ্লে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে। মূলত এই রুটটি ব্যবহার করেই দীর্ঘদিন ধরে একটি চক্র চোরাচালান চালিয়ে আসছিল।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মুনতাসির মামুন মুন বাসসকে জানান, বৃহস্পতিবার গভীর রাতে সাদা পোশাকে পুলিশের এক দল ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড এলাকায় ডিউটি করছিল। সেখানে সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে প্রথমে এই ডিসপ্লেগুলো উদ্ধার ও তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে এই চক্রের আরেক সদস্যকে আটক করে পুলিশ। তবে মূল চোরাকারবারি মো. নূর ইসলাম এখনও পলাতক রয়েছেন।

পুলিশের একটি সূত্র জানায়, ভূরুঙ্গামারী উপজেলার চোরাচালানের প্রধান রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে পাথরডুবি ইউনিয়নের বাঁশজানি গ্রামটি। এই গ্রামের কয়েকজন চিহ্নিত চোরাকারবারি পুরো উপজেলার চোরাচালান সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, বাঁশজানি সীমান্তের ওপারে গড়ে ওঠা ভারতীয় পণ্যের অবৈধ দোকানপাটগুলো বন্ধ করা না গেলে এই সীমান্ত দিয়ে চোরাচালান পুরোপুরি বন্ধ করা কঠিন হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun