অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরে একটি ইসরাইলি সামরিক চৌকিতে ফিলিস্তিনি বন্দুকধারীর হামলায় দুই সেনা নিহত হওয়ার পর সেখানে ব্যাপক উচ্ছেদ ও ধ্বংসযজ্ঞ শুরু করেছে ইসরাইলি বাহিনী। শুক্রবার ফারশ আল-হাওয়া এলাকায় ভবন ভাঙার কাজ শুরু করে তারা। সিএনএনের সংগ্রহ করা একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, এক ইসরাইলি সেনা আবাসিক ভবনের বাসিন্দাদের মাত্র পাঁচ মিনিটের মধ্যে এলাকা খালি করার নির্দেশ দিচ্ছেন।
ঘটনার পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রথমে পশ্চিম তীর পুরোপুরি অবরুদ্ধ করার নির্দেশ দিলেও, পরে অবস্থান পরিবর্তন করে কেবল হেবরন ও হালহুল শহর ঘিরে অবরোধের ঘোষণা দেন। এই হামলাটি আসন্ন নির্বাচনের চার দিন আগে ঘটায় তা নেতানিয়াহুর নিরাপত্তা ও রাজনৈতিক অবস্থানের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নিরাপত্তা নিশ্চিতে কঠোর ভাবমূর্তি বজায় রাখার যে প্রচেষ্টা তার ছিল, এ ঘটনা সেটিকে নতুন করে পরীক্ষার মুখে ফেলেছে।
এদিকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদের এই পরিকল্পনার কড়া নিন্দা জানিয়েছে মানবাধিকার সংগঠন বি’তসেলেম। সংগঠনটির নির্বাহী পরিচালক ইউলি নোভাক অভিযোগ করে বলেন, ইসরাইল উত্তর পশ্চিম তীরের শরণার্থীশিবিরগুলোতে চালানো ধ্বংসযজ্ঞের ধারা এখানেও অব্যাহত রাখতে চাইছে।