রংপুর মহানগর পুলিশ (আরপিএমপি) কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই রদবদল নিশ্চিত করা হয়। নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশের বিশেষ শাখার (এসবি) উপমহাপরিদর্শক (ডিআইজি) মু. মাহবুবুর রশীদ।
একই প্রজ্ঞাপনে পুলিশের আরও কয়েকজন কর্মকর্তার বদলির আদেশ জারি করা হয়েছে। এর মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার মো. আসলাম উদ্দিনকে পুলিশ সদর দপ্তরে টিআর পদে বদলি করা হয়েছে। এছাড়া নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নূরুল আমীনকে খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৩ আগস্ট রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল, তাঁর স্ত্রী ও সন্তানসহ চারজন হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে সংবাদ সম্মেলন করেছিলেন বিদায়ী কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ। সেই হত্যাকাণ্ডের বর্ণনা দেওয়ার সময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন। পুলিশ তখন জানিয়েছিল যে, এই ঘটনায় দুই যুবককে আটক করা হয়েছে।