চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে সন্ন্যাসী বাবার দরবার পরিচালনা কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১শে অক্টোবর) সন্ধ্যায় দরবার প্রাঙ্গণে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান চুয়াডাঙ্গা জজ কোর্টের আইনজীবী নাজমুল হুসাইন। ১৫ দিন পূর্বে আশপাশের কয়েক গ্রামের সাধুদের মতামতের ভিত্তিতে ডা. অভিকে সভাপতি এবং অমিত খানকে সাধারণ সম্পাদক করে উথলী সন্ন্যাসী বাবার দরবার পরিচালনার জন্য ১০১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
এছাড়া গঠন করা হয় ২১ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি। কমিটির গুরুত্বপূর্ণ পদধারীরা হলেন- সহসভাপতি শনি দেব ও মহিদুল ইসলাম, সহ-সম্পাদক ওবাইদুল ও রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সহ-সাংগঠনিক আব্দুস সামাদ, কোষাধ্যক্ষ হাসিবুল আলম হীরা, দপ্তর সম্পাদক আল-আমিন, মাজার ব্যবস্থাপনা সম্পাদক নাঈম উদ্দিন হজরত, সাংস্কৃতিক সম্পাদক শাকিল আহম্মেদ জিসান, আইনশৃঙ্খলা বিষয়ক সম্পাদক জিতু মণ্ডল এবং ধর্মবিষয়ক সম্পাদক রহেদ ফকির।
উল্লেখ্য, উথলী সন্ন্যাসী বাবার মূল পরিচিতি এর দীর্ঘদিনের আধ্যাত্মিক চর্চাকে কেন্দ্র করে। প্রতি বছর এখানে অত্যন্ত ধুমধামের সাথে সন্ন্যাসী বাবার সাধুসঙ্গ এবং বাউল মেলার আয়োজন করা হয়। ভক্ত ও স্থানীয়দের বিশ্বাস, প্রাচীনকালে এই স্থানে সাধু বা সন্ন্যাসীরা এসে তাদের আধ্যাত্মিক সাধনা করতেন।