গাজীপুরের শ্রীপুরে শিরিন আওলাদ মডেল স্কুলের প্রতিষ্ঠাতা প্রয়াত শিরিন আক্তার কোহিনূরের সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিস্তা সোলার পাওয়ার প্ল্যান্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম রফিকুল ইসলাম।অনুষ্ঠানে প্রয়াত শিরিন আক্তার কোহিনূরের কর্মময় জীবন, শিক্ষা বিস্তারে তাঁর অবদান এবং এলাকার মানুষের জন্য তাঁর উদ্যোগের কথা স্মরণ করা হয়। এ সময় বক্তব্য দেন তাঁর ছোট ভাই ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম, বিদ্যালয়ের অন্যতম উপদেষ্টা শফিকুল ইসলামসহ অন্যরা।বক্তারা বলেন, এলাকার শিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে শিরিন আক্তার কোহিনূর যে উদ্যোগ নিয়েছিলেন, তা তাঁর শিক্ষা ও সমাজকল্যাণমূলক চিন্তার প্রতিফলন। তাঁর প্রতিষ্ঠিত বিদ্যালয়ের মাধ্যমে সেই উদ্যোগ এখনো এগিয়ে চলছে।আলোচনা সভা শেষে প্রয়াত শিরিন আক্তারের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। এতে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশ নেন।শিরিন আক্তার কোহিনূর গাজীপুর সরকারি মহিলা কলেজের শিক্ষক ছিলেন। তিনি মাওনা বহুমুখী উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মতিনের মেয়ে। ২০১৮ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মৃত্যুর আগে শ্রীপুরের মুলাইদ গ্রামে এলাকার শিশুদের শিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে প্রতিষ্ঠা করেন শিরিন আওলাদ মডেল স্কুল।