গাজীপুরের নাওজোড় এলাকায় নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংক বিস্ফোরণে সাকিব নামের এক ভাড়াটিয়ার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে।নিহত সাকিবের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়। তিনি ওই ভবনের নিচতলার একটি কক্ষে কয়েকজন পোশাকশ্রমিকের সঙ্গে ভাড়া থাকতেন।গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর রাজিব হোসেন জানান, নাওজোড় এলাকায় তিনতলা একটি ভবনের নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে। ভবনটির নিচতলায় সেপটিক ট্যাংকের ওপর দুটি কক্ষ নির্মাণ করে পোশাকশ্রমিকদের কাছে ভাড়া দেওয়া হয়েছিল।শুক্রবার সকালে হঠাৎ সেপটিক ট্যাংকটি বিস্ফোরিত হলে কক্ষ দুটি ক্ষতিগ্রস্ত হয়। এ সময় সাকিব ঘটনাস্থলেই মারা যান। বিস্ফোরণের কক্ষের দেয়াল, দরজা ও জানালাও ক্ষতিগ্রস্ত হয়েছে।ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, নিহত ব্যক্তির মরদেহ বাসন থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।