গোলাপি রঙের একটি সাইকেল চালিয়ে বিদ্যালয়গামী কিশোরীদের উৎসাহ দিলেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া। এ সময় কিশোরীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা সাইকেল চালাতে পারো? আমি চালাচ্ছি, তোমরা আমাকে ফলো করো—দেখবা ঠিক পেরে যাবে।’ তাঁর এমন ব্যতিক্রমী উদ্যোগে অনুষ্ঠানে তৈরি হয় আনন্দঘন পরিবেশ। সোমবার (২৬ অক্টোবর) গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১২ জন বিদ্যালয়গামী কিশোরীর মধ্যে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ কর্মসূচির আওতায় এসব সাইকেল বিতরণ করা হয়। কালিয়াকৈর উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং তাদের সন্তানদের শিক্ষায় আগ্রহী করে তুলতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। বাইসাইকেল পেলে দূরের বিদ্যালয়ে যাতায়াত সহজ হবে। এতে শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বাড়ার পাশাপাশি ঝরে পড়ার প্রবণতা কমবে বলে আশা প্রকাশ করেন তিনি। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, যাতায়াতের অসুবিধা ও বিদ্যালয়ের দূরত্বের কারণে প্রান্তিক জনগোষ্ঠীর অনেক শিক্ষার্থীকে প্রতিদিন স্কুলে যেতে সমস্যায় পড়তে হয়। বাইসাইকেল পেলে এসব শিক্ষার্থীর সময় ও যাতায়াতের ভোগান্তি কমবে। পাশাপাশি তাদের নিয়মিত বিদ্যালয়ে যাতায়াত এবং পড়াশোনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়ক হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন। প্রধান অতিথি ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াকৈরের সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা, জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাইকেল পাওয়া কিশোরীদের পরিবারের সদস্যরা।