চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দশমী পাড়ায় নারী সংক্রান্ত একটি বিরোধের জেরে নয়েব আলী (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত জখম করার ঘটনা ঘটেছে। গতকাল রবিবার (২৫ অক্টোবর) এই হামলার ঘটনা ঘটে। আহত নয়েব আলী উপজেলার দশমী পাড়ার বুদোর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নারী সংক্রান্ত একটি বিষয়কে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে নয়েব আলীর ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্রের এলোপাতাড়ি আঘাতে তিনি মারাত্মকভাবে রক্তাক্ত ও জখম হন। ঘটনার পর পরই আশপাশের লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যান।
এদিকে ঘটনার খবর পেয়ে দামুড়হুদা সার্কেল সহকারী পুলিশ সুপার (এএসপি) শেখ মোহাম্মদ নুরুল্লাহ এবং দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ উদ্দিন দ্রুত ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ কর্মকর্তারা জানান, ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও দ্রুত গ্রেফতার করতে পুলিশি অভিযান শুরু হয়েছে। এলাকার পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।