1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম

হাসিনা ফিরে আসুক, মানুষ তার বিচার দেখতে চায়

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

ইতিহাস কখনো মুছে ফেলা সম্ভব নয় এবং সত্যকে আড়াল করেও রাখা যায় না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। শনিবার দুপুর ১টায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলার রাধাকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক সুধী সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ যতই চেষ্টা করুক, জিয়াউর রহমান যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, সেই ইতিহাস পাল্টানো যাবে না। পাশাপাশি বেগম খালেদা জিয়ার আপসহীন রাজনৈতিক অবস্থান নিয়েও কোনো বিভ্রান্তি তৈরির সুযোগ নেই।

শেখ হাসিনার দেশে ফেরার হুমকি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরাও চাই তিনি দেশে ফিরে আসুন। কারণ দেশের মানুষ তার বিচার দেখার জন্য অপেক্ষায় আছে।’ তারেক রহমানের দেশে ফেরার দিন ঢাকায় মানুষের ঢল নেমেছিল উল্লেখ করে তিনি বলেন, একদিকে মানুষের ভালোবাসা, অন্যদিকে শেখ হাসিনার দেশ ছেড়ে পালানো—জনসমর্থনের এই পার্থক্যই বলে দেয় বাস্তবতা কী।

জামায়াতে ইসলামীর সমালোচনা করে মীর শাহে আলম বলেন, ‘আমরা বেহেশতের গ্যারান্টি দিতে পারব না, তবে দেশের মানুষের উন্নয়নের গ্যারান্টি দিতে চাই।’ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষক কার্ড চালুর পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। সাধারণ মানুষের জীবনমানের উন্নয়ন ও অর্থনৈতিক নিরাপত্তাই বর্তমান সরকারের মূল লক্ষ্য বলে জানান প্রতিমন্ত্রী।

মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান তৌফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এস এম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, মোকামতলা উপজেলা বিএনপির সদস্য সচিব রোকন-উদ-দৌলা রুবেল, শিবগঞ্জ উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম ও উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun