গাজা সিটিতে একটি ছয়তলা ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। হতাহতদের মধ্যে পাঁচজন শিশুও রয়েছে। ভবনটি ধসে পড়ার সময় সেখানে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিলেন। এমনকি ভবনের পাশের তাঁবুগুলোতে অবস্থান করা লোকজনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বুরশ আল জাজিরাকে জানান, ভবনটি এর আগেও ইসরাইলি বোমাবর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরবর্তী সময়ে আশপাশে গোলাবর্ষণের ফলে এটি ধসে পড়ে। গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, এখনো ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ আটকা পড়ে থাকতে পারেন।
মুনির আল-বুরশের তথ্য অনুযায়ী, ঘটনায় এখনো প্রায় ১০০ জন নিখোঁজ রয়েছেন। ইতোমধ্যে স্বজনদের পক্ষ থেকে ৭৫ জনেরও বেশি নিখোঁজ ব্যক্তির নাম নিবন্ধন করা হয়েছে, যাদের প্রায় ৫০ জনই শিশু। উদ্ধারকাজ চলমান থাকলেও নিখোঁজ ব্যক্তিদের জীবিত পাওয়ার আশা ক্ষীণ হয়ে আসছে।