পবিত্র নগরী মক্কা আল-মুকাররমার দিকে ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছে বাংলাদেশ। সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মঙ্গলবার সন্ধ্যায় মক্কার দক্ষিণে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ড্রোন ভূপাতিত করে। নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই ড্রোনটি ধ্বংস করা সম্ভব হয়েছে বলে সৌদি কর্তৃপক্ষ দাবি করেছে।
ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ এই হামলার খবরের তীব্র নিন্দা জানাচ্ছে। পাশাপাশি মক্কা আল-মুকাররমা এবং সৌদি আরবের অন্যান্য পবিত্র স্থানগুলোর পবিত্রতার প্রতি বাংলাদেশ গভীর শ্রদ্ধা পুনর্ব্যক্ত করছে। একই সঙ্গে পবিত্র স্থানগুলোর সুরক্ষায় সৌদি সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে ঢাকা। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পবিত্র স্থানগুলোর সুরক্ষা নিশ্চিত করা এবং সেগুলোর প্রতি পূর্ণ সম্মান প্রদর্শন করা জরুরি।
সৌদি গ্যাজেটের তথ্যানুযায়ী, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে ড্রোনটি সফলভাবে প্রতিহত করা হয়। এটি মক্কাকে লক্ষ্য করে হুতিদের দ্বিতীয়বার হামলার চেষ্টার ঘটনা। এর আগে ২০১৭ সালের জুলাই মাসে মক্কার দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ উঠেছিল হুতিদের বিরুদ্ধে।
এদিকে, হুতি কর্তৃপক্ষ বরাবরই মক্কা বা ইসলামি কোনো পবিত্র স্থানকে লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করে আসছে। এবারও তারা মক্কাকে লক্ষ্য করে হামলার এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।