সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান সবসময়ই প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন দেশটির সামরিক বাহিনীর প্রধান মুখপাত্র ও আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী। বৃহস্পতিবার আরব নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছেন যে, রিয়াদের নিরাপত্তার বিষয়ে ইসলামাবাদের অঙ্গীকার ‘শর্তহীন’। কূটনৈতিক ও শারীরিক—উভয় ক্ষেত্রেই সৌদি আরবের পাশে থাকার বিষয়টি পুনরায় নিশ্চিত করেছেন তিনি। ইয়েমেনের হুতি মিলিশিয়াদের ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে তার এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে তেল সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সম্প্রতি পশ্চিমাঞ্চলীয় শহর তাইফের আকাশে একটি ড্রোন ধ্বংস করার পর এর ধ্বংসাবশেষের আঘাতে এক ইয়েমেনি নাগরিক নিহত হয়েছেন। গত সপ্তাহে সংঘাত বৃদ্ধির পর হুতিদের হামলায় এটাই রিয়াদের পক্ষ থেকে স্বীকৃত প্রথম মৃত্যুর ঘটনা। এর আগে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছিল, হুতিদের এসব হামলায় ৮০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। এমন পরিস্থিতিতে আঞ্চলিক শান্তি ফেরাতে ও সংঘাত নিরসনে ইসলামাবাদ আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের পথ খোঁজার জন্য সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখছে বলে জানিয়েছেন জেনারেল আহমেদ শরিফ চৌধুরী।
তিনি আরও জোর দিয়ে বলেন, সৌদি আরবের প্রতি পাকিস্তানের এই প্রতিশ্রুতি মক্কা ও মদিনার সুরক্ষার বিষয়টিও অন্তর্ভুক্ত করে। হারামাইন শরিফাইন রক্ষায় পাকিস্তানের উপস্থিতি রয়েছে জানিয়ে তিনি বলেন, এ নিয়ে কোনো সংশয়ের অবকাশ নেই। যেকোনো ধরনের বহিরাগত আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তান সৌদি আরবকে রক্ষা করতে প্রস্তুত। উল্লেখ্য, এর আগে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত ‘মক্কা প্রতিরক্ষা জোট’ বা মক্কা চুক্তির শর্ত অনুযায়ী, জোটভুক্ত কোনো দেশের ওপর হামলা চালানো হলে তা সম্মিলিতভাবে সবার ওপর হামলা হিসেবে গণ্য হবে।