মধ্যপ্রাচ্যে সৌদি আরব ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মধ্যে সংঘাত আরও প্রকট আকার ধারণ করায় অঞ্চলের বেশ কয়েকটি দেশে অবস্থানরত নিজেদের নাগরিকদের জন্য কঠোর নিরাপত্তা সতর্কতা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে দেশটির পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে এই বিশেষ সতর্কবার্তা প্রকাশ করা হয়।
সতর্কতার আওতায় থাকা দেশগুলোর তালিকায় রয়েছে—ইসরাইল, লেবানন, জর্ডান, ইরাক, সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান। পররাষ্ট্র দপ্তরের বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট অঞ্চলে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে আকাশসীমা বন্ধ, ফ্লাইট বাতিলসহ ভ্রমণসংক্রান্ত যেকোনো আকস্মিক পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী সৌদি আরবের বেসামরিক বিমানবন্দরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিয়মিত হামলা চালাচ্ছে, যা যেকোনো সময় বড় ধরনের সামরিক সংকটে রূপ নিতে পারে। একই সঙ্গে, ইরান বা তাদের সহযোগী গোষ্ঠীগুলো বিশ্বের যেকোনো স্থানে মার্কিন নাগরিক, ব্যবসাপ্রতিষ্ঠান বা যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাকে লক্ষ্যবস্তু করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইয়েমেনের সরকারি বাহিনীর ওপর হুথি বিদ্রোহীদের আক্রমণ রুখতে সৌদি আরব মিত্রদেশগুলোর সহায়তা চেয়েছে। এমন পরিস্থিতিতে ইয়েমেনে হুথিদের অবস্থানে বা সরাসরি ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন করে হামলার গুঞ্জনের মধ্যেই এই সতর্কতা জারি করা হলো। পরিস্থিতি বিবেচনায় মার্কিন নাগরিকদের মধ্যপ্রাচ্য ভ্রমণ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে পররাষ্ট্র দপ্তর।