বিশ্বের বৃহত্তম যাত্রীবাহী বিমান এয়ারবাস এ৩৮০-কে ঘিরে আবারও ঘুরে দাঁড়িয়েছে আকাশপথের বিলাসবহুল ভ্রমণের বাজার। বিশালাকার কেবিন, বিস্তৃত আসনব্যবস্থা এবং ব্যক্তিগত স্যুইটের সুবিধা কাজে লাগিয়ে যাত্রীদের আকর্ষণ করতে প্রতিযোগিতায় নেমেছে আন্তর্জাতিক তিন এয়ারলাইন্স—এমিরেটস, সিঙ্গাপুর এয়ারলাইন্স এবং কান্টাস। বিমান চলাচলবিষয়ক পোর্টাল সিম্পল ফ্লাইংয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, এ৩৮০ পরিচালনার ক্ষেত্রে প্রতিটি সংস্থাই নিজস্ব আলাদা সেবামূলক বৈশিষ্ট্য গড়ে তুলেছে। বিশ্বের বৃহত্তম যাত্রীবাহী উড়োজাহাজ এয়ারবাস এ৩৮০ আবারও বিলাসবহুল আকাশভ্রমণের আকর্ষণের কেন্দ্রে উঠে এসেছে। সংস্থাটি ব্যক্তিগত গোপনীয়তা ও যাত্রীসেবার মান বাড়ানোর দিকে মনোযোগ দিয়েছে। ফলে বিলাসবহুল পরিবেশে ব্যক্তিগতভাবে ভ্রমণ করতে আগ্রহীদের কাছে এটি আকর্ষণীয় বিকল্প।
সিঙ্গাপুর এয়ারলাইন্স মূলত যাত্রীদের ব্যক্তিগত গোপনীয়তা ও প্রিমিয়াম সেবাকে প্রাধান্য দিচ্ছে। তাদের এ৩৮০ বিমানে ১২টি বিলাসবহুল স্যুইট এবং ৭৮টি বিজনেস ক্লাসের আসন অন্তর্ভুক্ত রয়েছে, যা নিরিবিলি পরিবেশ পছন্দ করা যাত্রীদের কাছে বেশ জনপ্রিয়। অন্যদিকে এমিরেটস তাদের বিমানে ওপরের তলায় অনবোর্ড বার ও সামাজিক বিনোদনের স্থান তৈরি করে বিশেষ পরিচিতি পেয়েছে। প্রথম ও বিজনেস ক্লাসের যাত্রীদের জন্য এই সুবিধার পাশাপাশি কেবিন আধুনিকায়ন ও উন্নত ইন্টারনেট সংযোগের পেছনে ৫০০ কোটি ডলার ব্যয় করছে দুবাইভিত্তিক এই বিমান সংস্থা। এ জন্য প্রায় ৫০০ কোটি ডলারের কেবিন আধুনিকায়ন কর্মসূচি বাস্তবায়ন করছে এমিরেটস। এমিরেটসের বিশেষত্ব হলো উড়োজাহাজের ওপরের তলায় থাকা বার ও সামাজিক পরিসর।
অস্ট্রেলিয়ার কান্টাস এয়ারলাইন্স গুরুত্ব দিচ্ছে ভ্রমণের স্বাচ্ছন্দ্য, আরামদায়ক আসন এবং কাজের অনুকূল পরিবেশের ওপর। সংস্থাটি তাদের ১০টি এ৩৮০ বিমানের বহর পুনরায় সচল করে সিডনি থেকে লন্ডন, ডালাস ও লস অ্যাঞ্জেলেসের মতো দীর্ঘ দূরত্বের রুটগুলোতে যাতায়াত নিশ্চিত করছে। ফলে দীর্ঘযাত্রার পথচলতি যাত্রীদের কাছে কান্টাস এক বিশ্বস্ত নাম হয়ে উঠেছে।
তবে চার ইঞ্জিনের এই দানবীয় বিমানের কিছু চ্যালেঞ্জও বিদ্যমান। আধুনিক দুই ইঞ্জিনের মডেলগুলোর তুলনায় এ৩৮০ পরিচালনায় জ্বালানি খরচ অনেক বেশি হয়। এছাড়া বিশাল আকারের কারণে যাত্রী ওঠানামা করানো, ইমিগ্রেশন পার হওয়া এবং লাগেজ সংগ্রহের প্রক্রিয়ায় বেশি সময় ব্যয় হয়। শেষ পর্যন্ত ব্যক্তিগত নির্জনতায় সিঙ্গাপুর এয়ারলাইন্স, সামাজিক আমেজে এমিরেটস এবং দীর্ঘ যাত্রায় আরামদায়ক অভিজ্ঞতায় কান্টাস—সব মিলিয়ে যাত্রীর নিজস্ব রুচির ওপরই নির্ভর করছে সেরা এয়ারলাইন্স নির্বাচনের বিষয়টি।