দক্ষিণ ইয়েমেনের এডেনে অবস্থিত আল-মাশিক প্রেসিডেন্সিয়াল প্যালেসে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানপন্থি হুথি বিদ্রোহীরা। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলায় দুই নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দেশটির তথ্যমন্ত্রী মুয়াম্মার আল-ইরিয়ানি জানান, প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে মোট পাঁচটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সকে সরকারের একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, হুথিরা সরাসরি প্রাসাদ প্রাঙ্গণ লক্ষ্য করেই এই ক্ষেপণাস্ত্রগুলো ছুড়েছে। তবে হামলার ধরন ও আঘাতের তীব্রতা সত্ত্বেও ইয়েমেনের প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার সকল সদস্য বর্তমানে নিরাপদ রয়েছেন বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
হামলার ঘটনায় প্রাসাদের ক্ষয়ক্ষতি নিয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা বিষয়টি নিশ্চিত করেছে যে, প্রাসাদের বিভিন্ন স্থানে পাঁচটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। বর্তমানে পুরো এলাকাটিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।