নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে নতুন উদ্যোগ গ্রহণ করেছে কাতার ও মিসর। সম্প্রতি মিশরের রাজধানী কায়রোতে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে দুই দেশের নিরাপত্তা ও সহযোগিতার ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
বৈঠকে কাতারের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ খলিফা বিন হামাদ বিন খলিফা আল থানি এবং মিসরের স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল মাহমুদ তৌফিক নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করেন। সভায় আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি মোকাবিলা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন কৌশল নিয়ে বিশদ পর্যালোচনা করা হয়।
আলোচনা শেষে উভয় দেশ অপরাধ দমন ও নিরাপত্তা ইস্যুতে যৌথভাবে কাজ করার অঙ্গীকার নিয়ে একটি ঐতিহাসিক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে। কাতারের স্বরাষ্ট্রমন্ত্রী নিজে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ বিষয়টি নিশ্চিত করেছেন।