চুয়াডাঙ্গায় অভিনব কায়দায় জ্বালানি তেল নিয়ে টাকা পরিশোধ না করে পালানোর সময় দুই মোটরসাইকেল আরোহীকে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা। শুক্রবার দিবাগত রাতে সদর উপজেলার দুটি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। প্রায় পাঁচ কিলোমিটার ধাওয়া করে তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়। আটককৃতরা হলেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বালিদাপদাড়া গ্রামের সেলিম রেজা (৪২) এবং একই উপজেলার নিয়ামতপুর গ্রামের বাসিন্দা শান্ত রহমান (২০)।
ঘটনার বিবরণ দিয়ে চুয়াডাঙ্গা জেলা জ্বালানি তেল পরিবেশক ও পেট্রলপাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদক এবং স্থানীয় ‘চুয়াডাঙ্গা ফিলিং স্টেশনের’ মালিক তসলিম আরিফ জানান, শুক্রবার রাত ৯টা ৪৮ মিনিটে ওই দুজন দুটি মোটরসাইকেল নিয়ে তার পাম্পে আসেন। সেখানে ১ হাজার ৭৫০ টাকার তেল নেওয়ার পর কৌশলে পাম্পের কর্মচারীকে অন্যত্র সরিয়ে তারা দ্রুত পালিয়ে যান। এর পরপরই বিষয়টি হাইওয়ে ফিলিং স্টেশন ও সরোজগঞ্জ এলাকার পাম্প মালিকদের সতর্ক করে জানানো হয়।
পরবর্তীতে রাত ১০টা ২৫ মিনিটের দিকে তারা চুয়াডাঙ্গা–ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কের ডিঙ্গেদহ এলাকার হাইওয়ে ফিলিং স্টেশনে উপস্থিত হন। সেখানেও একই কায়দায় ১ হাজার ৭৫০ টাকার তেল নিয়ে ঝিনাইদহের দিকে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাদের ধাওয়া দেন। প্রায় পাঁচ কিলোমিটার পিছু ধাওয়া করার পর তাদের আটক করতে সক্ষম হন পাম্প কর্তৃপক্ষ ও স্থানীয়রা।
বিষয়টি তাৎক্ষণিকভাবে চুয়াডাঙ্গা পুলিশ সুপারকে অবহিত করা হলে তিনি আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। এ ঘটনায় মালিকপক্ষের পক্ষ থেকে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রানা। বর্তমানে অভিযুক্ত দুইজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।