ঐতিহ্য আর সংস্কৃতির মেলবন্ধনে শ্রীপুরে গারোদের ওয়ানগালা উৎসবনতুন ফসল ঘরে তোলার আগে শস্যদেবতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মধ্য দিয়ে গাজীপুরের শ্রীপুরে উদ্যাপিত হয়েছে গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী উৎসব ওয়ানগালা। দিনব্যাপী এ আয়োজনে ধর্মীয় আচার, গান, কবিতা ও নৃত্যের মধ্য দিয়ে তুলে ধরা হয় গারো জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য। শুক্রবার (২০ নভেম্বর) উপজেলার কেওয়াচালা গ্রামে ‘কেওয়াচালা ওয়ানগালা-২০২৬’ শিরোনামে এ উৎসব অনুষ্ঠিত হয়। সকাল থেকে শুরু হওয়া আয়োজন চলে রাত পর্যন্ত। এতে কেওয়াচালা ছাড়াও গাজীপুরের বিভিন্ন এলাকার গারো সম্প্রদায়ের মানুষ অংশ নেন। সকালে গারো সম্প্রদায়ের নিজস্ব রীতিতে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। পরে মঞ্চে পরিবেশিত হয় মান্দি ভাষায় কবিতা ও গান। গানের তালে তালে ঐতিহ্যবাহী নৃত্যে অংশ নেন নারী-পুরুষেরা। তাঁদের পরিবেশনায় ফুটে ওঠে গারো জনগোষ্ঠীর জীবনযাপন, সংস্কৃতি ও ঐতিহ্যের নানা দিক। আয়োজকেরা জানান, ওয়ানগালা গারো সম্প্রদায়ের অন্যতম প্রধান ঐতিহ্যবাহী উৎসব। নতুন ফসল ঘরে তোলার আগে শস্যদেবতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের অংশ হিসেবে এ উৎসব পালন করা হয়। প্রজন্মের পর প্রজন্ম ধরে গারো জনগোষ্ঠীর মানুষ এ ঐতিহ্য ধরে রেখেছেন। উৎসবে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এস এম রফিকুল ইসলাম বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ ভূঞা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেওয়াচালা ওয়ানগালা-২০২৬-এর নকমা ও শ্রীপুর উপজেলা ট্রাইবাল ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সাগর সাংমা। উৎসব উদ্বোধন করেন ট্রাইবাল ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত অরণ্য ই. চিরান। প্রধান অতিথির বক্তব্যে এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, এ অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীর সঙ্গে আমাদের সম্পর্ক দীর্ঘদিনের, অত্যন্ত নিবিড়। তাঁরা আমাদের সমাজেরই অবিচ্ছেদ্য অংশ। সংস্কৃতি ও ঐতিহ্যে ভিন্নতা থাকলেও আমরা সবাই একই দেশের মানুষ। সবার অধিকার, মর্যাদা ও সম্প্রীতি নিশ্চিত করে একসঙ্গে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেওয়াচালা ব্যাপ্টিস্ট চার্চের পালক আনোয়ার হোসেন। এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এস এম মাহফুল হাসান হান্নানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।