1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঘাতক রোবট নিয়ন্ত্রণে আলোচনা চালিয়ে যাওয়ার অঙ্গীকার জাতিসংঘের ঐক্যের সরকার গঠনে ১০ শর্ত দিলেন নেতানিয়াহু প্রতিকূল আবহাওয়ায় ভিয়েতনামের ১৭ ফ্লাইট বিপর্যস্ত নতুন নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল বার্লিনে কাতার ও জার্মানির মধ্যে নিরাপত্তা ও সামরিক সহযোগিতা চুক্তি সই শ্রীপুরে সংরক্ষিত বনে রাত হলেই চলে গাছ কাটার উৎসব ধনবাড়ী-মাদারগঞ্জ আঞ্চলিক সড়কের বেহাল দশা, চার বছরেও শেষ হয়নি কাজ প্রধানমন্ত্রী: ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় বাগডোগরা ও হাসিমারা ঘাঁটিতে নজরদারির দায়ে ভারতে আটক বাংলাদেশি গোপালগঞ্জে নতুন উত্তেজনার শঙ্কা: মোতায়েন ৫৫ প্লাটুন বিজিবি

শ্রীপুরে সংরক্ষিত বনে রাত হলেই চলে গাছ কাটার উৎসব

কাওসার আহমেদ, গাজীপুর
  • প্রকাশ : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

দিনের বেলায় সবুজে ঘেরা বন, আর রাতের আঁধারে সেখানে চলে গাছ কাটার উৎসব। গত এক সপ্তাহ ধরে গাজীপুরের শ্রীপুরে সংরক্ষিত বনাঞ্চল থেকে একের পর এক তালগাছসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। বনজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে কাটা গাছের কাণ্ড ও গোড়া। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিষয়টি বন বিভাগকে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। শনিবার (২১ নভেম্বর) বিকেলে শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের চরবহর গ্রামে ম্যাক হ্যাচারির পশ্চিম পাশে সংরক্ষিত বনাঞ্চলে গিয়ে দেখা যায়, বনের ভেতরে সারি সারি পড়ে আছে কাটা তালগাছের কাণ্ড। স্থানীয়দের দাবি, অর্ধশতাধিক তালগাছ কেটে ফেলা হয়েছে। এসব গাছের পাশাপাশি কাটা হয়েছে বিভিন্ন প্রজাতির বনজ ও ঔষধি গাছও। কয়েকটি কাটা গাছে ঝুলে থাকা তালফলও পরিপক্ব হয়ে এসেছে। বনজুড়ে গাছ কাটার এমন চিত্রে উদ্বেগ তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে। স্থানীয় বাসিন্দা মোশারফ হোসেন বলেন, গভীর রাতে বনের ভেতর থেকে করাত দিয়ে গাছ কাটার শব্দ শোনা যায়। সকালে গরু চরাতে এসে একসঙ্গে অনেকগুলো তালগাছ কাটা অবস্থায় দেখতে পান তিনি। বিষয়টি স্থানীয় বন বিভাগকে জানানোর পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাঁর অভিযোগ, এক সপ্তাহ ধরে এভাবে গাছ কাটা হলেও বন বিভাগের কাউকে ঘটনাস্থলে দেখা যায়নি।পরিবেশকর্মী সাইদ চৌধুরী বলেন, ‘যে বন পরিবেশের সুরক্ষা দেওয়ার কথা, সেখানেই নির্বিচারে গাছ কাটা হচ্ছে। তালগাছ শুধু প্রকৃতির সৌন্দর্য বাড়ায় না, পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাতের ঝুঁকি কমাতেও ভূমিকা রাখে। এভাবে গাছ নিধন চলতে থাকলে এর দীর্ঘমেয়াদি ক্ষতি বহন করতে হবে।’ এদিকে গণমাধ্যমকর্মীদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যান বন বিভাগের কর্মীরা। সাতখামাইর ফরেস্ট গার্ড আব্দুর রহিম বলেন, ‘সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। এখানে অনেকগুলো তালগাছসহ অন্যান্য প্রজাতির গাছ কাটা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী কাটা গাছগুলো জব্দ করে নেওয়া হবে।’ শ্রীপুর রেঞ্জের সাতখামাইর বিট কর্মকর্তা মো. বিপ্লব হোসেন বলেন, ‘গাছ কাটার খবর পেয়ে দুদিন আগে সেখানে লোক পাঠানো হয়েছিল। তখন দুটি গাছ কাটার বিষয়টি জানা যায়। এর মধ্যে একটি গজারি গাছ জব্দ করা হয়েছে। তবে এতগুলো গাছ কাটার খবর আমার জানা নেই। বিষয়টি দেখতে আবারও লোক পাঠানো হচ্ছে।’ শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun