1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ট্রাম্পের পুতিনকে বন্ধু সম্বোধন সমর্থন করলেন মার্কিন গোয়েন্দাপ্রধান পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে আজ মজুরি বোর্ডের তৃতীয় সভা ১১ বছর বয়সী বালিকার দেওয়া নামেই পরিচিত প্লুটো শেখ হাসিনার ফেরার পথ পর্যালোচনায় পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগ নেতারা কোনো সন্ত্রাসীদলের জায়গা বাংলার বুকে হবে না : ফজলুল হক মিলন এমপি গ্রিস ও সাইপ্রাস থেকে ফেরত পাঠানো হলো ৪৪ বাংলাদেশিকে জার্মান প্রেসিডেন্টের আমন্ত্রণে নৈশভোজে যোগ দিলেন কাতারের আমির গাকৃবিতে গবেষণার মান ও নৈতিকতা নিশ্চিতে দিনব্যাপী প্রশিক্ষণ মির্জা আজমকে হাজির করতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ট্রাইব্যুনালের গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন বাবুল

ট্রাম্পের পুতিনকে বন্ধু সম্বোধন সমর্থন করলেন মার্কিন গোয়েন্দাপ্রধান

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘বন্ধু’ বলে সম্বোধন করে নতুন করে আলোচনায় এসেছেন। ট্রাম্পের এই মন্তব্য নিয়ে দেশটিতে ব্যাপক সমালোচনার সৃষ্টি হলেও এর পক্ষে অবস্থান নিয়েছেন মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক জে ক্লেটন। তার দাবি, পুতিনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে ট্রাম্পের এ ধরনের বন্ধুত্বপূর্ণ ভাষা ব্যবহার করা সম্পূর্ণ যথাযথ। তবে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের প্রশ্নে যুক্তরাষ্ট্র যে মস্কোর পাশে নেই, সেটিও তিনি স্পষ্ট করেছেন।

রোববার এবিসি নিউজের ‘দিস উইক’ অনুষ্ঠানে সাংবাদিক জোনাথন কার্লের মুখোমুখি হন গোয়েন্দাপ্রধান জে ক্লেটন। অনুষ্ঠানে সাংবাদিক জানতে চান, ট্রাম্প পুতিনকে বন্ধু বললেও, রাশিয়ার প্রেসিডেন্ট কি প্রকৃতপক্ষে যুক্তরাষ্ট্রের বন্ধু? কারণ এর আগে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প নিজেই এই প্রশ্নের উত্তর দিতে অপারগতা প্রকাশ করেছিলেন। জবাবে ক্লেটন ট্রাম্পের সঙ্গে পুতিনের সাম্প্রতিক বৈঠককে ঐতিহাসিক বলে বর্ণনা করেন এবং ট্রাম্পের মন্তব্যকে যৌক্তিক বলে উল্লেখ করেন। তবে ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি পরিষ্কার করে বলেন, ‘ভ্লাদিমির পুতিন কি যুক্তরাষ্ট্রের বন্ধু? ইউক্রেনের ক্ষেত্রে তিনি যুক্তরাষ্ট্রের বন্ধু নন। একেবারেই নন।’

এর আগে গত ১৯ নভেম্বর চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতাদের মধ্যে প্রথমবারের মতো একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে ট্রাম্প, পুতিন ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এই বৈঠকে মিলিত হন। ওই বৈঠকের পরই ট্রাম্পের পুতিনকে বন্ধু বলে ডাকার বিষয়টি নতুন করে বিতর্কের জন্ম দেয়।

ক্ষমতায় আসার পর থেকেই ট্রাম্প বিভিন্ন সময়ে পুতিনের প্রশংসা করে আসছেন। ২০২৫ সালের আগস্টে প্রায় ১০ বছরের মধ্যে প্রথমবার যুক্তরাষ্ট্র সফরে গেলে আলাস্কায় পুতিনকে সাদরে গ্রহণ করেছিলেন তিনি। এরপর শেনজেন সম্মেলনে পুতিনের সঙ্গে সাক্ষাতের সময় তাকে উষ্ণ ও রসিকতাপূর্ণ অভিবাদন জানান ট্রাম্প। সেখানে প্রথমে পুতিনের দিকে আঙুল তুলে রসিকতা করে তিনি জানতে চান ‘ইনি কে?’, পরে তার সঙ্গে করমর্দন করে তাকে ‘আমার বন্ধু’ বলে পরিচয় দেন। পরবর্তীতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমেও বৈঠকের ছবির ক্যাপশনে তাকে বন্ধু হিসেবেই উল্লেখ করেন ট্রাম্প।

তবে গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে যখন তাকে সরাসরি জানতে চাওয়া হয় যে, রাশিয়া কি আমেরিকার বন্ধু কি না, তখন তিনি উত্তরটি এড়িয়ে যান। ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমি এ বিষয়ে কিছু বলতে পারি না।’ এ সময় তিনি ২০১৬ সালের মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ সংক্রান্ত তদন্তের প্রসঙ্গ টেনে বলেন, সেই বিতর্কিত সময়েও পুতিন তার সঙ্গে ব্যক্তিগতভাবে ভালো আচরণ করেছিলেন।

রাশিয়া ইস্যুতে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে মতভেদ স্পষ্ট হয়ে উঠেছে। মানবাধিকার লঙ্ঘন এবং রাজনৈতিক ভিন্নমতাবলম্বীদের নির্যাতনের অভিযোগে মস্কোর দীর্ঘদিনের কঠোর সমালোচক ওয়াশিংটন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে কিয়েভকে বিলিয়ন ডলারের সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। কিন্তু ট্রাম্পের নীতিতে পরিবর্তন আসার পর ইউক্রেনের প্রতি সেই সমর্থনে ভাটা পড়েছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সমঝোতায় ব্যর্থ হওয়ায় ট্রাম্পও প্রকাশ্যে জেলেনস্কির সমালোচনা করেছেন। রাজনৈতিক ভিন্নমতাবলম্বীদের নির্যাতন ও কারাবন্দী করার অভিযোগও রয়েছে মস্কোর বিরুদ্ধে।

রিপাবলিকান দলের ভেতরেও এই পরিস্থিতি নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। বিদায়ী প্রতিনিধি পরিষদ সদস্য ডন বেকন ট্রাম্পের এই ঘনিষ্ঠতার কড়া সমালোচনা করে বলেছেন, ট্রাম্প ঐতিহ্যগত রিপাবলিকান অবস্থান থেকে সরে এসে রাশিয়ার প্রতি নমনীয়তা দেখাচ্ছেন। বেকনের ভাষায়, এটি দেশটির স্বাধীনতার মূল্যবোধের পরিপন্থী। আমরা স্বাধীনতার পক্ষে ছিলাম এবং যেসব দেশ আমাদের মূল্যবোধের অংশীদার, তাদের পাশে দাঁড়িয়েছি।

এদিকে গোয়েন্দাপ্রধান ক্লেটন টেলিভিশন অনুষ্ঠানে আবারও ট্রাম্পের অবস্থানের পক্ষে সাফাই গেয়েছেন। তার মতে, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের মতো বৈশ্বিক নিরাপত্তা ইস্যুতে বিশ্বের তিনটি বৃহৎ শক্তিধর দেশের নেতাদের একত্র করতে পারা ট্রাম্পের একটি গুরুত্বপূর্ণ সাফল্য। ‘দিস উইক’ অনুষ্ঠানে তিনি বলেন, ‘তিন পারমাণবিক শক্তিধর দেশের প্রধান একসঙ্গে বসে যখন বলেন যে তারা ওই ধ্বংসাত্মক পথে এগোবেন না, তখন সেটি আশ্বস্ত হওয়ার মতো একটি বিষয়।’

যদিও সমালোচকদের দাবি, বৈঠকে পারমাণবিক ঝুঁকি কমানোর কোনো সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেওয়া হয়নি। তা সত্ত্বেও সিএনএনের অন্য এক অনুষ্ঠানে ক্লেটন নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছেন, ‘প্রেসিডেন্ট যে প্রেক্ষাপটে বা ভাষাতেই কথা বলুন না কেন, তার ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun