বাংলাদেশ, ভারত, চীন ও ইউরোপীয় ইউনিয়নসহ ১৬টি বাণিজ্যিক অংশীদার দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন। অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা এবং দেশগুলোর নিজস্ব শিল্প খাতে সরকারি ভর্তুকি বা সহায়তার অভিযোগের ভিত্তিতে এই শুল্ক আরোপের পরিকল্পনা করা হয়েছে। মার্কিন বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) জেমিসন গ্রিয়ার বুধবারই এই তদন্তের আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় গত ১১ই মার্চ এই তদন্তের প্রক্রিয়া শুরু হয়েছিল।
তালিকায় থাকা দেশ ও জোটগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, চীন, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর ও কম্বোডিয়া। মার্কিন প্রশাসনের দাবি, এই দেশগুলোর অতিরিক্ত উৎপাদন সক্ষমতার কারণে সস্তা পণ্যে বিশ্ববাজার সয়লাব হয়ে পড়ছে এবং এতে মার্কিন উৎপাদকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। গত ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের আগের বৈশ্বিক শুল্ক বাতিল করার পর, বর্তমানে তার বিকল্প উপায় হিসেবে এই কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
শুল্কের চূড়ান্ত হার এখনো নির্ধারণ করা না হলেও সাবেক জ্যেষ্ঠ মার্কিন বাণিজ্য কর্মকর্তা রায়ান মাজেরুস জানান, ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক প্রস্তাব করা হতে পারে। প্রতিটি দেশের জন্য আলাদা শুল্কহার থাকলেও মেক্সিকো ও নরওয়ের ক্ষেত্রে তাৎক্ষণিক শুল্ক নাও বসতে পারে। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়ন, জাপান ও দক্ষিণ কোরিয়ার জন্য ১৫ শতাংশ এবং মালয়েশিয়ার জন্য ১৯ শতাংশ সীমা নির্ধারণ করা হয়েছে। চীনের সাথে ১০ই জানুয়ারি পর্যন্ত শুল্ক আরোপে বিরতি থাকায় ২০ শতাংশ সীমা বহাল থাকলেও মেয়াদ শেষে তা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তবে ইস্পাত, অ্যালুমিনিয়াম ও অটোমোবাইলের মতো জাতীয় নিরাপত্তা আইনের আওতায় থাকা পণ্যগুলো এই শুল্কের আওতামুক্ত থাকতে পারে বলে জানা গেছে।
এর আগে জুলাই মাসে জোরপূর্বক শ্রম বিষয়ক তদন্তের জেরে এই দেশগুলোর ওপর ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল ইউএসটিআর, যা নতুন এই শুল্কের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে ভারতের সাথে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তি এখনো চূড়ান্ত হয়নি; ভারত মার্কিন বাজারে বাংলাদেশ বা ভিয়েতনামের চেয়ে কম শুল্কের সুবিধা পাওয়ার চেষ্টা করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান মূল্যস্ফীতির জন্য ট্রাম্পের শুল্ক নীতিকে দায়ী করা হচ্ছে। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটদের জয়ের পর রয়টার্সের সাম্প্রতিক জরিপে দেখা গেছে, ৬২ শতাংশ মার্কিন নাগরিকই এই শুল্ক বাতিলের পক্ষে জনমত দিয়েছেন।