1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

গাজীপুরের শ্রীপুরে বিকাশের টাকা ছিনতাই, গুলিবিদ্ধ এক কর্মকর্তা

কাওসার আহমেদ, গাজীপুর।
  • প্রকাশ : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

গাজীপুরের শ্রীপুরে বিকাশের টাকা বহনকারী একটি প্রাইভেটকারের গতিরোধ করে গুলি ছুড়ে তিন কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে বিকাশ ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের এক কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। গুলিবিদ্ধ ব্যক্তির নাম হিমেল। তিনি শ্রীপুরে ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ নামের বিকাশ ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের অ্যাকাউন্টস অফিসার। আহত অন্য দুজন হলেন প্রতিষ্ঠানটির এরিয়া ম্যানেজার ফরহাদ ও প্রাইভেটকারচালক লাল মিয়া। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, হিমেল ও ফরহাদ নরসিংদী থেকে ভাড়া করা একটি প্রাইভেটকারে করে বস্তায় তিন কোটি টাকা নিয়ে শ্রীপুরের উদ্দেশে রওনা হন। পথে শ্রীপুরের গোসিঙ্গা-কর্ণপুর এলাকার একটি গজারি বনে পৌঁছালে ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আসা একদল ব্যক্তি তাঁদের গাড়ির গতিরোধ করে। একপর্যায়ে দুর্বৃত্তরা প্রাইভেটকার লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে হিমেল গুলিবিদ্ধ হন। পরে টাকা ভর্তি বস্তা ছিনিয়ে নেওয়ার সময় ধস্তাধস্তিতে আহত হন ফরহাদ ও চালক লাল মিয়া। এরপর টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আহত চালক লাল মিয়া জানান, গজারি বনে পৌঁছানোর পর মোটরসাইকেলে করে আসা ব্যক্তিরা তাঁদের গাড়ির পথরোধ করে গুলি ছোড়ে। এতে হিমেল গুলিবিদ্ধ হন। পরে টাকার বস্তা নিয়ে যাওয়ার সময় ধস্তাধস্তিতে তাঁরাও আহত হন। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক অনিক সরকার বলেন, গুলিবিদ্ধ একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, গুলি করে টাকা ছিনতাইয়ের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গেছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun