লক্ষ্মীপুরের রামগতিতে নানা বাড়িতে বেড়াতে এসে ১১ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মামুন হোসেনকে গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
এরআগে রাতে ওই শিশুর নানী বাদী হয়ে রামগতি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। বিষয়টি বাসস’কে নিশ্চিত করেন রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন দেওয়ান।
তিনি বলেন, ধর্ষণের সত্যতা মিলেছে। ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত মামুন হোসেনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়। তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দেয়া হবে। এর আগে সোমবার দুপুরে উপজেলার চরবাদাম ইউনিয়নের চরসীতা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটির বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায়। সম্প্রতি ঈদে পরিবারের সঙ্গে সে রামগতি উপজেলার চরবাদাম ইউনিয়নের চরসীতা গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে আসে। সোমবার দুপুরে সুযোগ বুঝে প্রতিবেশী মামুন হোসেন শিশুটিকে জোরপূর্বক একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়। বিষয়টি জানার পর রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত মামুনকে গ্রেপ্তার করে।
এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান নির্যাতিত শিশুর পরিবার,স্বজন এবং এলাকাবাসী।