ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র (কেসি) কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক ও বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ মাহবুবুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ বুধবার (২৪ জুন) সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের বড় পুত্র নাজমুস সাকিব জানান, আজ এশার নামাজের পর ঝিনাইদহ সিদ্দিকীয়া আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর স্থানীয় পৌর কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
অধ্যাপক মাহবুবুর রহমানের মৃত্যুর খবরে ঝিনাইদহের শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। প্রিয় শিক্ষককে শেষবারের মতো দেখতে তাঁর ছাত্র-ছাত্রী ও শুভাকাঙ্ক্ষীরা শহরের আদর্শপাড়ার বাসভবনে ভিড় জমান।
অধ্যাপক মাহবুবুর রহমান ১৯৪২ সালে চুয়াডাঙ্গা জেলার খাসকররা ইউনিয়নের নওলামারি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মরহুমের পিতা ছিলেন মৌলভি আরশাদুল আলম। ছাত্রজীবন থেকেই অধ্যাপক মাহবুবুর রহমান প্রখর মেধার অধিকারী ছিলেন। শিক্ষা ও কর্মজীবনের সবক্ষেত্রেই তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তিনি ২০০১ সালে ঝিনাইদহ সরকারি কেসি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে অবসর গ্রহণ করেন।
দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি ঝিনাইদহসহ পার্শ্ববর্তী অঞ্চলের হাজারো আলোকিত মানুষ গড়ার কারিগর ছিলেন। তাঁর মৃত্যুতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।