1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

বিশ্বকাপ থেকে বিদায়ের পর অবসর ঘোষণা মাহরেজের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

শেষ ৩২-এর লড়াইয়ে সুইজারল্যান্ডের কাছে ২-০ গোলে হেরে ২০২৬ ফিফা বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে আলজেরিয়া। বিশ্বকাপ থেকে দলের বিদায়ের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষনা দিলেন আলজেরিয়া অধিনায়ক রিয়াদ মাহরেজ।

আজ সকালে টরন্টোতে শেষ ৩২-এর ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হয় আলজেরিয়া। ম্যাচ শেষে সংবাদ মাধ্যমকে ৩৫ বছর বয়সি মাহরেজ বলেন, ‘আলজেরিয়ার হয়ে এটাই আমার শেষ আন্তর্জাতিক ম্যাচ।’

সুইজারল্যান্ডের কাছে হেরে মাহরেজ বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল পরের রাউন্ডে জায়গা করে নেওয়া। আমার মনে হয়, ম্যাচে আমাদের ভালো সুযোগ ছিল। কিন্তু আমরা নিজেদের ভুলে দুটি গোল হজম করেছি। এই পর্যায়ে এমন ভুলের মূল্য খুব চড়া।’

অবসর ঘোষণার মাধ্যমে ১২ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানলেন মাহরেজ। ২০১৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত আন্তর্জাতিক অঙ্গনে আলজেরিয়ার হয়ে ১২০টি ম্যাচ খেলে ৪০টি গোল করেছেন মাহরেজ। চলতি বিশ্বকাপে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে জোড়া গোল করেন তিনি।

২০১৯ আফ্রিকা কাপ অব নেশনসে আলজেরিয়াকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মাহরেজ। আসরে নাইজেরিয়ার বিপক্ষে সেমিফাইনালে শেষ মুহূর্তে দুর্দান্ত ফ্রি-কিকে গোলে দলকে ফাইনালে তুলেছিলেন তিনি। ১৯৯০ সালের পর দ্বিতীয়বারের মতো আফ্রিকা কাপ অব নেশনসের শিরোপা জেতে আলজেরিয়া। দেশের অন্যতম সফল অধিনায়ক হিসেবেও নিজেকে সেরার কাতারে রেখেছেন তিনি।

এবারের টুর্নামেন্টে সেনেগালের ইদ্রিসা গেইয়ের পর দ্বিতীয় বয়োজ্যেষ্ঠ আফ্রিকান খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের কোনো নকআউট ম্যাচে শুরুর একাদশে খেলার নজির গড়েন মাহরেজ।

১৯৯১ সালে ফ্রান্সে জন্ম নেন মাহরেজ। ২০১৩ সালে আলজেরিয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নেন এবং ২০১৪ বিশ্বকাপের আগেই জাতীয় দলের হয়ে অভিষেক হয় তার।

পরবর্তীতে দেশের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন মাহরেজ। ২০১৪ সালে ব্রাজিলে অনুষ্ঠিত নিজের প্রথম বিশ্বকাপে দেশের হয়ে শেষ ষোলোতে খেলার সুযোগ পান তিনি।

এবারের বিশ্বকাপে ‘জে’ গ্রুপে ছিল আলজেরিয়া। আর্জেন্টিনার কাছে ৩-০ গোলে হারের পর জর্ডানের বিপক্ষে ২-১ গোলে জয় পায় তারা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রিয়ার সাথে ৩-৩ গোলে ড্র করে আলজেরিয়া। ফলে গ্রুপের তৃতীয় দল হিসেবে শেষ ৩২-এর টিকিট নিশ্চিত করেছিল আলজেরিয়া। ২০১৪ সালের পর প্রথমবার বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নেয় তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun