আসন্ন পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে চুয়াডাঙ্গায় শুরু হয়েছে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রম।
গতকাল সোমবার জেলার ১০টি ভেনুতে ট্রাকসেলের মাধ্যমে তেল-ডাল ও চিনি বিক্রি করা হয়। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এ সব পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে।
গতকাল ১১ মে থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে আগামী ২১ মে ২০২৬ পর্যন্ত। যেকোন নাগরিক সরকারের দেয়া বিশেষ সুবিধার এই পণ্য কেনার সুযোগ পাবেন।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নেজারত শাখা থেকে জানানো হয়, প্রতিটি প্যাকেজে সাশ্রয়ী মূল্যে উপকারভোগীরা পাচ্ছেন ১ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল ও ২ লিটার সয়াবিন তেল।
দৈনিক ১০টি পয়েন্টে ৪ হাজার ভোক্তা এ পণ্য কেনার সুযোগ পাবেন। এভাবে ১০দিনে ৪০ হাজার ভোক্তার কাছে টিসিবি এ খাবারের প্যাকেজ বিক্রি করবে।
প্রতি কেজি চিনি ৮০ টাকা, মসুর ডাল ৭০ টাকা ও প্রতি লিটার ভোজ্যতেল ১৩০ টাকা দরে বিক্রি করছে টিসিবি। ৪৮০ টাকার বিনিময়ে এক কেজি চিনি, দুই কেজি মসুর ডাল ও দুই লিটার ভোজ্য তেল দেয়া হচ্ছে। চুয়াডাঙ্গা জেলার ৪টি উপজেলায় মোট ৩৭ জন ডিলারের মাধ্যমে এই পণ্য বিতরণ করা হচ্ছে।
শুক্রবার ছাড়া ব্যতীত সকাল থেকে নির্ধারিত স্থানে ১০টি করে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে।
টিসিবির পণ্য এভাবে মুক্ত বাজারে বিক্রি করায় ভোক্তাদের মাঝে ইতিবাচক প্রভাব পড়েছে। কম মূল্যে ভোক্তা পর্যায়ে এসকল নিত্যপ্রয়োজনীয় পণ্য পাওয়ায় অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।
এ বিষয়ে জেলা মার্কেটিং অফিসার (চলতি দায়িত্ব) শহিদুল ইসলাম বাসস’কে বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পণ্যের দাম ভোক্তাদের হাতের নাগালে রাখতে টিসিবির এ পণ্য বিক্রি করা হচ্ছে। ১১ মে থেকে শুরু হয়ে ২১ মে পর্যন্ত প্রতিদিন ১০ টি ভেন্যুতে ১০দিনে দৈনিক ৪ হাজার করে মোট ৪০ হাজার ভোক্তার মাঝে এ পণ্য বিক্রি করা হবে।