জেলার কটিয়াদী উপজেলায় খেলতে গিয়ে বৃষ্টির পানি ভর্তি গর্তে পড়ে মোহাম্মদ চাঁদ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ বুধবার সকালে উপজেলার বনগ্রাম ইউনিয়নের নাগেরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত চাঁদ একই এলাকার মো. আশাদ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যদের পাশে বাড়ির আঙিনায় খেলছিল শিশু চাঁদ। একপর্যায়ে সবার অজান্তে বাড়ির সামনে টিউবওয়েলের পাশে বৃষ্টির পানিতে ভর্তি একটি গর্তে পড়ে যায় সে। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে গর্তে পড়ে থাকতে দেখে শিশুটিকে উদ্ধার করেন।
পরে তাকে দ্রুত কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক ডা. ফারজানা ববি শোভা বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বাড়ির সামনে টিউবওয়েলের পাশের গর্তে পানিতে পড়ে চাঁদ নামে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃত শিশু মরদেহ তার নিজ বাড়িতে রয়েছে।